২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন অসদাচরণ: বরখাস্ত মার্কিন উপস্থাপকের ক্ষমাপ্রার্থনা

যৌন অসদাচারণের জন্য ক্ষমাপ্রার্থনা করে বিবৃতি দিয়েছেন বরখাস্ত মার্কিন সংবাদ উপস্থাপক ম্যাট লাওর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2017, 02:39 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

টিভি নেটওয়ার্ক এনবিসি গত সোমবার তাদের জনপ্রিয় অনুষ্ঠান ‘টুডে শো’র সহ সঞ্চালক এবং শীর্ষ সংবাদ উপস্থাপক ম্যাট লাওরকে বরখাস্ত করে।

লাওরের হয়ে বৃহস্পতিবার সকালে এনবিসির ‘টুডে শো’ সম্প্রচারের শুরুতে সঞ্চালক সাভান্নাহ গুথরেই ওই বিবৃতিটি পড়েন বলে জানিয়েছে রয়টার্স।

বিবৃতিতে নিজের আচরণের ‘বিরক্তিকর ত্রুটি’ নিয়ে দুঃখপ্রকাশ করেন।

বলেন, “অনেক অভিযোগই অসত্য কিংবা ভুলভাবে উপস্থাপিত হয়েছে। তবে এর মধ্যেও অনেক সত্য কথা আছে যা আমাকে বিব্রত ও লজ্জিত করেছে।”

টানা ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের টিভি নেটওয়ার্ক এনবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘টুডে শো’র সহ সঞ্চালক হিসেবে কাজ করেন  ৫৯ বছর বয়সী এ উপস্থাপক। 

গত সপ্তাহে লাওরের একজন নারী সহকর্মী তার বিরুদ্ধে ২০১৪ সালে রাশিয়ার সোচিতে শীতকালীন অলিম্পিক কাভার করতে যাওয়ার সময় থেকে যৌন অসদাচারণ করে যাওয়ার অভিযোগ আনেন।

যার পরিপ্রেক্ষিতে জনপ্রিয় এ সংবাদ উপস্থাপককে বরখাস্ত করে এনবিসি।

এরপর নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুই নারী লাওরের বিরুদ্ধে একই ধরণের অভিযোগ আনেন বলে বৃহস্পতিবার ‘টুডে শো’ জানিয়েছে।

“যে ক্ষতি হয়েছে তা পূরণে অনেক সময় ও আত্ম অনুসন্ধান লাগবে। আমি সেই চেষ্টা শুরু করতে বদ্ধপরিকর। এটাই এখন আমার পূর্ণকালীন চাকরি,” বিবৃতিতে আরও বলেন লাওর।

যে ব্যথার তিনি কারণ হয়েছেন, তার জন্য ‘সত্যিকারভাবেই দুঃখিত’, বলেন জনপ্রিয় এ উপস্থাপক।

লাওরকে বরখাস্তের ব্যাপারে এনবিসির পক্ষ থেকে বলা হয়, কেউ যেন যৌন অসদাচরণের অভিযোগকে ‘বিচ্ছিন্ন ঘটনা ভাবার অবকাশ না পায়’ তাই এ ব্যবস্থা।

২০ বছরেরও বেশি সময় কাজ করলেও গত সপ্তাহের সোমবারের আগে কেউই লাওরের বিরুদ্ধে এমন অভিযোগ করেনি বলে জানান এনবিসি কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গন ও বিনোদন জগতে যৌন হয়রানি ও নিপীড়নের একের পর অভিযোগের মধ্যেই লাওরের বিরুদ্ধে এমন অভিযোগ এল।

এর আগেও বেশ ক’জন উপস্থাপকের বিরুদ্ধে যৌন অসদাচারণের অভিযোগ পাওয়া গিয়েছিল। 

গত মাসের মাঝামাঝি সিবিএস নিউজ তাদের তারকা সঞ্চালক চার্লি রোজকে একই ধরণের অভিযোগে বরখাস্ত করেছিল; এপ্রিলে চাকরি হারিয়েছিলেন ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক বিল ও’রিলি।

পুরনো খবর:

যৌন অসদাচরণ: শীর্ষ মার্কিন সংবাদ উপস্থাপক বরখাস্ত