২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুঁসছে আগ্নেয়গিরি, সর্বোচ্চ সতর্কতা জারি বালিতে

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মাউন্ট আগুংয়ের জ্বালামুখ দিয়ে ছাই উদগীরণ শুরু হওয়ায় দেশটির কেন্দ্রীয় ও আঞ্চলিক প্রশাসন বিপদসংকেত দিতে বিমান চলাচলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Nov 2017, 07:26 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

ঘন ধোঁয়ায় বালি দ্বীপের আকাশ ঢেকে যাওয়ায় এ ‘রেড এলার্ট’ জারি করা হয়। ছাইয়ের মেঘ ১৯ হাজার ৬৫৪ ফুটের বেশি উচ্চতায় পৌঁছে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

যদিও সেখানে এখনও বিমান চলাচল স্বাভাবিক আছে বলে জানায় স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ছাইয়ের কারণে বিমানের ইঞ্জিন নষ্ট হওয়ার আশঙ্কায় কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হয়েছে। ভ্রমণকারীদেরকে তাদের ফ্লাইটের খোঁজ নেওয়ার জন্য এয়ারলাইন্স কিংবা ট্র্র্যাভেলে এজেন্টদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

ধোঁয়ায় ঢেকে যাওয়া এলাকাগুলোতে কর্তৃপক্ষ মাস্ক বিতরণ শুরু করেছে। তবে বিমানবন্দর এবং অন্যান্য সরকারি কার্যালয় থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “এখনও শুধুমাত্র নির্দিষ্ট একটি এলাকায় আগ্নেয় ছাই দেখা যাচ্ছে এবং বাতাসে বিপজ্জনক মাত্রায় ছাইয়ের উপস্থিতি এখনও পাওয়া যায়নি।

মাউন্ট আগুংয়ের জ্বালামুখ দিয়ে প্রচণ্ড বেগে ছাই আকাশে ছয় হাজার মিটারের বেশি উচ্চতায় উঠে চারপাশে ছড়িয়ে পড়ছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। ছাইয়ে আশেপাশের সড়ক, গাড়ি ও ভবন ঢাকা পড়ে গেছে।

ছাইয়ের মেঘ বালি থেকে পূর্বে লম্বোক দ্বীপের দিকে যাচ্ছে। সেখানকার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি বন্ধ হয়ে গেছে। লম্বোকে ছাইবৃষ্টি হয়েছে এবং মাতারাম নগরী ছাইয়ের মেঘে ঢেকে যাচ্ছে বলে এক টুইটে জানিয়েছেন ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার তথ্য পরিচালক ।

এ বছরের শুরুর দিকেই অগ্নুৎপাতের ভয়ে প্রায় দেড় লাখ মানুষ দ্বীপ ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যায়। তাদের মধ্যে ২৫ হাজার মানুষ এখনও অস্থায়ী আশ্রয়স্থলে আছে। আর এখন অগ্ন্যুৎপাতের আশঙ্কা বেড়ে যাওয়ায় সেখানে আতঙ্ক বিরাজ করছে। 

অগ্নুৎপাত এবং ভূতাত্ত্বিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা গেদে সুয়ানটিকা বলেন, “মাউন্ট আগুং থেকে যে কোনও সময় লাভা বেরিয়ে আসবে, যদিও এখনও জ্বালামুখ দিয়ে ছাই বেরিয়ে আসছে। কিন্তু আমাদের সতর্ক ও সজাগ থাকতে হবে এবং সম্ভাব্য প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে প্রবল বেগে লাভা বেরিয়ে আসার বিষয়ে প্রস্তুতি নিতে হবে।”

সার্ফিং, সৈকত ও প্রাচীন মন্দিরের কারণে পর্যটকদের কাছে বালি দ্বীপ দারুণ জনপ্রিয়। প্রতি বছর প্রায় ৫০ লাখ পর্যটক সেখানে ভ্রমণ করে। স্থানীয় জনগণের জীবিকাও পর্যটক নির্ভর।

কিন্তু গত সেপ্টেম্বর থেকে মাউন্ট আগুং আবারও সক্রিয় হয়ে উঠতে শুরু করায় এ বছর সেখানে পর্যটকের সংখ্যা অনেক কমে গেছে বলে জানায় রয়টার্স।

১৯৬৩ সালে সর্বশেষ মাউন্ট আগুং থেকে লাভার উদগীরণ হয়েছিল। সেবার এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং আশেপাশের বেশ কয়েকটি গ্রাম লাভার নিচে চাপা পড়ে নিশ্চিহ্ন হয়ে যায়।

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’ এ অবস্থিত হওয়ার কারণে টেক্টোনিক প্লেটগুলোর ধাক্কায় ঘনঘন ভূকম্পন ও অগ্নুৎপাতের আশঙ্কা থাকে। সেখানে রয়েছে ১৩০টির’ও বেশি জীবন্ত আগ্নেয়গিরির জ্বালামুখ।