কাশ্মিরে ছুটিতে থাকা ভারতীয় সেনার লাশ উদ্ধার
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ছুটিতে থাকা এক সেনাসদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে নিহত ওই সেনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে দক্ষিণ কাশ্মিরের শোপিয়ান এলাকায় তার মৃতদেহ আবিষ্কার হয়।
পুলিশের ধারণ, ‘জঙ্গিরা’ তাকে গুলি করে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আঞ্চলিক সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং রেজিমেন্ট অব দ্য আর্মির সদস্য নিহত ইরফান আহমদ দার (২৩) লাইন অব কন্ট্রোলের কাছে গুরেজ এলাকায় দায়িত্বরত ছিলেন।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে নিজের গাড়িতে চড়ে বাইরে যান ইরফান। পরদিন সকালে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে পরিত্যক্ত অবস্থায় তার গাড়িটিও উদ্ধার করা হয়।
জাম্মু ও কাশ্মিরের বর্তমান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ উভয়ই ইরফানকে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে টুইটারে বার্তা দিয়েছেন।
কাশ্মিরে এ বছর এই নিয়ে ছুটিতে থাকা তৃতীয় ভারতীয় সেনা নিহতের ঘটনা।
গত মেতে একই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে লেফটেন্যান্ট উমর ফায়াজকে জঙ্গিরা অপহরণ করে নিয়ে যাওয়ার পর হত্যা করে।
সেপ্টেম্বরে বর্ডার সিকিউরিটি ফোর্সের মোহাম্মদ রমজান পারিকে জঙ্গিরা অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয়ে গুলি করে হত্যা করে।
