ক্যান্সার ‘পাপের শাস্তি’ মন্তব্য করে তোপে আসামের মন্ত্রী
ক্যান্সারকে ‘পাপের শাস্তি’ বলে মন্তব্য করে ভারতজুড়ে তোপের মুখে পড়েছেন আসাম রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
তিনি বলেন, মানুষ ক্যান্সার আক্রান্ত হয় মূলত তাদের করে আসা পাপকাজের কারণে।
বুধবার গোহাটিতে নতুন শিক্ষকদের নিয়োগপত্র দেওয়ার এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শর্মা। সে মঞ্চে ভাষণ দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
‘দ্য হিন্দুস্তান টাইমস’ শর্মার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে লিখেছে, “আমরা পাপ করলে ভগবান এর শাস্তি দেন। মানুষ তা থেকে পালিয়ে বাঁচতে পারে না। কখনও আমরা তরুণ বয়সী কাউকে ক্যান্সারে আক্রান্ত হতে দেখি, অল্পবয়সী অনেককে দুর্ঘটনারও শিকার হতে দেখি। পেছনের দিকে তাকালে দেখা যাবে এটি সৃষ্টিকর্তার বিচার ছাড়া আর কিছু নয়।”
এমনকি বাবার পাপের ফল সন্তানকে ভুগতে হতে পারে বলেও হিমন্ত মন্তব্য করেন।।
ভারতে রাজ্যের স্কুলগুলোতে শিক্ষকদের কাজে ফাঁকির অভিযোগ উঠেছে। মন্ত্রীর ধমকেও কাজ হচ্ছে না, চলছে ফাঁকি। তাই ঈশ্বরের বিচারের ভয় দেখিয়ে নবনিযুক্ত শিক্ষকদের কর্মনিষ্ঠ করার চেষ্টা নেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
কোনও জ্যোতিষী বা ধর্মগুরু নয়, খোদ মন্ত্রীর মুখে এমন কথা শুনে হতবাক হয়েছেন সবাই। অনেকেই হয়েছেন ক্ষুব্ধ। টুইটারে বয়ে গেছে বিতর্কের ঝড়।
মন্ত্রীর এমন মন্তব্যে মনকষ্ট পেয়েছেন বলে জানিয়েছেন ক্যান্সার রোগীদের স্বজনরা।
বিরোধীদলগুলো মন্ত্রীর এ মন্তব্যকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে এর জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছে।
আসাম রাজ্যের বিরোধীদল ‘দ্য অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট’ বলেছে, “রাজ্যে ক্যান্সারের বিস্তার রুখতে ব্যর্থতা ঢাকার জন্যই মন্ত্রী এমন মন্তব্য করেছেন।
কিন্তু শত সমালোচনাতেও দমছেন না শর্মা। বরং বলছেন, কর্মফল হিন্দুধর্মের সনাতন বিশ্বাস। তা থেকে বাঁচা যায় না।
তবে মন্ত্রী যা-ই বলুন, ভারতের মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (আইসিএমআর) গবেষণা বলছে, সচেতনতা এবং পরীক্ষা-নিরীক্ষার অভাবের কারণে মাত্র ১২ দশমিক ৫ শতাংশ রোগী ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিতে আসে।
২০২০ সাল নাগাদ নতুন ক্যান্সার আক্রান্তের সংখ্যা আরও ২৫ শতাংশ বাড়বে বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
