সিরিয়া নিয়ে তুরস্ক, রাশিয়া ও ইরানের সম্মেলন সোচিতে
সিরিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি ও তার ভবিষ্যৎ নিয়ে ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যকার সম্মেলন আগামী সপ্তাহে শুরু হবে।
রাশিয়ার অবকাশযাপন শহর সোচিতে এই সম্মেলন হবে বলে বৃহস্পতিবার তুরস্কের সংবাদমাধ্যম এনটিভির বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
নভেম্বরের ২২ তারিখ থেকে শুরু হওয়া এ সম্মেলনে তিন দেশ সিরিয়ার বিবদমান পক্ষগুলোর মধ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে বলে ধারণা করা হচ্ছে।
সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াইয়ে বাশার আল আসাদ বাহিনীর পক্ষে লড়াই করেছে রাশিয়া ও ইরান। পশ্চিমা দেশগুলো দেশটিতে আসাদ শাসনের অবসান চেয়ে আসছে।
আইএসবিরোধী লড়াইয়ে সিরিয়ার আসাদবিরোধী বিভিন্ন গোষ্ঠীও অংশ নিয়েছে। আইএস সিরিয়ার বিশাল অংশ দখলে নেওয়ার আগে ও পরে পশ্চিমা সমর্থিত এ দলগুলোর সঙ্গে সিরিয়ার বিভিন্ন এলাকায় সরকারিবাহিনীর বেশ কয়েকদফা লড়াইও হয়। সেসব লড়াইয়ে আসাদবাহিনী রাসায়নিক গ্যাস হামলা চালিয়েছিল বলে অভিযোগ বিরোধীদের।
সরকারি পক্ষ অস্বীকার করলেও জাতিসংঘ এ অভিযোগগুলো খতিয়ে দেখার কথা জানিয়েছে।
