‘ভিঞ্চির শিল্পকর্ম’ রেকর্ড দামে বিক্রি
লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বলে ধারণা করা ৫০০ বছরের পুরনো যিশু খ্রিস্টের একটি পেইন্টিং রেকর্ড ৪৫ কোটি ডলারে বিক্রি হয়েছে।
নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিজ নিউ ইয়র্কে সালভাতর মুন্ডি (বিশ্বের ত্রাণকর্তা) নামে পরিচিত এই পেইন্টিংটি নিলামে তুলেছিল, খবর বিবিসির।
কোনো শিল্পকর্মের জন্য নিলামে সবচেয়ে বেশি দাম ওঠার রেকর্ড এটি।
নিলামের সময় ক্রিস্টির নিলাম ঘরটিতে উপচে পড়া ভিড় ছিল। ২০ মিনিটের মধ্যে সর্বোচ্চ দাম ওঠার পর উপস্থিতরা উল্লসিত চিৎকার ও হাততালিতে ফেটে পড়েন।
লিওনার্দো দা ভিঞ্চি ১৫১৯ সালে মারা যান। বর্তমানে তার আঁকা ২০টির মতো শিল্পকর্ম টিকে আছে।
প্রচলিত ধারণা, সালভাতর মুন্ডি পেইন্টিংটি ১৫০৫ সালের পর কোনো এক সময় আঁকা হয়েছিল। এতে যিশুকে এক হাত উত্তোলিত অবস্থায় অপর হাতে একটি কাঁচের গোলক ধরে থাকতে দেখা যায়।
নিলামে শিল্পকর্মটির চূড়ান্ত দাম নির্ধারিত হয় ৪০ কোটি ডলার। তাতে ফিসসহ এর মোট মূল্য ৪৫ কোটি ডলার ছাড়িয়ে যায়।
টেলিফোনের মাধ্যমে নিলামে অংশ নেওয়া অজ্ঞাত এক ক্রেতা সালভাতর মুন্ডি কিনে নেন।
১৯৫৮ সালে লন্ডনের এক নিলামে শিল্পকর্মটি মাত্র ৬০ পাউন্ডে বিক্রি হয়েছিল। ওই সময়ের ধারণা ছিল, এটা ভিঞ্চির নিজের আঁকা না, তার এক শিষ্যের আঁকা।
এখনও ওই বিতর্কের পুরোপুরি অবসান হয়নি বলে জানিয়েছেন বিবিসির শিল্প বিষয়ক প্রতিনিধি।
