২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে চার জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2017, 10:20 AM

Updated : 12 Apr 2022, 12:43 AM

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার একটি আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও দুটি পিস্তল নিয়ে ওই এলাকার তেহামা কাউন্টির বিভিন্ন জায়গায় লোকজনকে গুলি করে ওই হামলাকারী, পরে পুলিশের গুলিতে সে নিজেও নিহত হয়।

সাক্রামেন্টো শহরের ১৬০ কিলোমিটার দূরে কোরনিং শহরে ওই বন্দুকধারী নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় সকাল ৮টার পর থেকে একটি বাড়িসহ মোট সাতটি জায়গায় গুলিবর্ষণ করে হামলাকারী। এতে আরও অন্তত ১০ জন আহত হয়, এদের মধ্যে কোরনিংয়ের নিকটবর্তী একটি প্রাথমিক স্কুলের দুই শিশু শিক্ষার্থীও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

কোরনিং ইউনিয়নের প্রাথমিক স্কুল সম্পর্কিত কর্মকর্তা জিনেন কুয়েস্ট জানিয়েছেন, রাঞ্চো তেহামা প্রাথমিক স্কুলে গুলিবর্ষণে কয়েকজন আহত হলেও কেউ মারা যায়নি।

এক সংবাদ সম্মেলনে তেহামা কাউন্টির সহকারী শেরিফ ফিল জনস্টন জানিয়েছেন, হামলাকারীর কাছে একটি আধা-স্বয়ংক্রিয় রাইফেল ও দুটি পিস্তল ছিল।

বেশ কয়েকজন আইন প্রয়োগকারী কর্মকর্তার বরাত দিয়ে সাক্রামেন্টো বি সংবাদপত্র জানিয়েছে, নিহত সন্দেহভাজন গুলিবর্ষণকারীকে ৪৩ বছর বয়সী কেভিন জনসন নিল বলে শনাক্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দা নিল একটি ছুরিকাঘাতের ঘ্টনায় ফেব্রুয়ারিতে একবার গ্রেপ্তার হয়েছিল।   

উত্তর ক্যালিফোর্নিয়ার এই গুলিবর্ষণের ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।