পাকিস্তানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
অবৈধ অর্থের পাহাড় গড়ার অভিযোগে মামলায় আদালতে উপস্থিত হতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির দুর্নীতি-দমন আদালত।
আদালতের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুনানিতে ‘নিয়মিত অনুপস্থিত’ থাকায় মঙ্গলবার বিচারক মোহাম্মদ বশির ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
টানা তিন সপ্তাহ শুনানিতে আদালতে অনুপস্থিত ছিলেন দার।
আগামী ২১ নভেম্বর মামলার শুনানির পরবর্তী তারিখ ঘোষণা করা হয়েছে।
চিকিৎসা প্রয়োজনে বর্তমানে লন্ডনে আছেন দার। দেশে ফিরলে তাকে গ্রেপ্তারের মুখোমুখি হতে হবে।
দুর্নীতির অভিযোগে উচ্চ পর্যায়ের তদন্তের পর এ বছরজুলাইয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মত এক রায়ে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করেন।
রাজনীতিতে নওয়াজের ঘনিষ্ঠ মিত্রদের একজন দার। এছাড়া দারের ছেলের সঙ্গে নওয়াজের মেয়ের বিয়ে হয়েছে।
উভয়ই কোনো ধরনের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।
