দুই দিনের মধ্যে লেবানন ফিরবেন হারিরি: টুইটার
পদত্যাগের ঘোষণা দেওয়া লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি আগামী দুই দিনের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাদ আল-হারিরি সোমবার টুইটারে দেশে ফেরার ঘোষণা দিয়ে লেবাননের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
তবে নিজে লেবাননে ফিরলেও তার পরিবার সৌদি আরবে থেকে যাবে বলেও জানান তিনি। বলেন, “এটা তাদের দেশ।”
‘প্রাণনাশের আশঙ্কার’ কথা জানিয়ে গত ৪ নভেম্বর সৌদি আরবের রিয়াদ থেকে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ। এজন্য ইরান ও হিজবুল্লাহকে দায়ী করেন তিনি।
তেহরান ওই অভিযোগ অস্বীকার করে বলেছে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর ষড়যন্ত্রেই সাদ পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সৌদি কর্তৃপক্ষ সাদকে ‘পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য’ করেছেন বলেও ধারণা তেহরানের।
লেবানন সরকারও প্রায় একই আশঙ্কা প্রকাশ করেছে। তাদের ধারণা, সাদকে সৌদি আরবে ‘গৃহবন্দি’ করে রাখা হয়েছে।
যদিও হারিরি এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি সেখানে মুক্ত এবং ভালো আছেন।
একদিন আগে রিয়াদ থেকে ফিউচার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আল-হারিরি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র জমা দিতে ‘শিগগিরই’ লেবাননে ফেরার কথা বলেছিলেন।
সাদের পদত্যাগপত্র লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন গ্রহণ না করায় তিনি এখনও দেশটির প্রধানমন্ত্রী পদে আছেন।
প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণার পর আউনের দপ্তর থেকে বলা হয়েছিল, সাদ দেশে না আসা পর্যন্ত প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র গ্রহণ করবেন না। প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে সাদের সঙ্গে সমস্যার সমাধান নিয়ে কথা বলতে চান।
