২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিগগিরই’ লেবানন ফিরবেন সাদ আল-হারিরি

আনুষ্ঠানিক পদত্যাগ পত্র দিতে ‘কয়েক দিনের মধ্যে’ দেশে ফিরবেন বলে জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 07:52 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

রিয়াদ থেকে ফিউচার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আল-হারিরি বলেন, “আমি পদত্যাগ করবো। আমি খুব শিগগিরই লেবানন যাব এবং সাংবিধানিক পদ্ধতিতে পদত্যাগ পত্র জমা দেব।”

‘প্রাণনাশের আশঙ্কার’ কথা জানিয়ে গত সপ্তাহের শুরুতে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ। এজন্য ইরান ও হিজবুল্লাহকে দায়ী করেন তিনি।

তেহরান এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর ষড়যন্ত্রেই সাদ পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে লেবানন সরকারের আশঙ্কা সাদকে সৌদি আরবে গৃহবন্দি করে রাখা হয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির দুই শীর্ষ সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, খুব সম্ভবত আটক অবস্থায় জোর করেই লেবাননের প্রধানমন্ত্রীর কাছ থেকে পদত্যাগের ঘোষণা আদায় করা হয়েছে।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সাদ। গত ৪ নভেম্বর পদত্যাগের আকস্মিক ঘোষণার পর আড়ালে চলে যাওয়া সাদকে রোববার প্রচারিত ওই সাক্ষাৎকারের মাধ্যমে প্রথম জনসম্মুখে দেখা গেল। 

লেবাননকে ব্যবহার করে অন্যান্য দেশকে আরব অঞ্চলে যুদ্ধের উস্কানি না দেওয়ার বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

তার পদত্যাগ লেবাননের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেন সাদ।

হিজবুল্লাহর সঙ্গে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে ২০১৬ সালে লেবাননের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান সুন্নি নেতা সাদ।

রোববারের সাক্ষাৎকারে তিনি বলেন, “দল হিসেবে আমি হিজবুল্লাহর বিপক্ষে নই। কিন্তু হিজবুল্লাহ যেভাবে আমাদের দেশ ধ্বংস করছে তাতে আমার আপত্তি।”

“যদি আমার পদত্যাগ পত্র বাতিল করতে হয় তবে হিজবুল্লাহকে অবশ্যই আঞ্চলিক সংঘাত থেকে দূরে থাকার যে নীতি লেবানন সরকার গ্রহণ করছে তার সম্মান করতে হবে।”

লেবানন সরকারি কর্মকর্তাদের পাশাপাশি ইরান ও হিজবুল্লাহ নেতাদেরও ধারণা, সাদকে সৌদি আরবে আটকে রাখা হয়েছে।

এ বিষয়ে সাদ জোর দিয়ে বলেন, “আমি এখানে মুক্ত। যদি আগামীকালই আমি ভ্রমণ করতে চাই তবে আমি তা পারবো।”

ইরান আরব দেশগুলোর আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে বলে মন্তব্য করে সাদ বলেন, “এটাই ওই অঞ্চলের মূল সমস্যা এবং আরব দেশগুলোর সংঘাতে লেবাননকে জড়িয়ে ফেলার দায় আমি নিব না।”

সম্প্রতি ইয়েমেন থেকে রিয়াদে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

সৌদি আরব নেতৃত্বাধীন জোটের অভিযোগ, ইরান ও লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে হাত মিলিয়ে ওই হামলা করিয়েছিল।

পুরনো খবর:

হারিরিকে ‘আটকে রেখেছে সৌদি’, ধারণা লেবাননের