২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে আত্মঘাতী হামলায় নিহত ৪

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2017, 01:39 PM

Updated : 12 Apr 2022, 12:43 AM

মঙ্গলবার এডেনের মনসুরা এলাকায় নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত একটি শিবিরের কাছে গাড়ি বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

সিকিউরিটি বেল্ট নামে পরিচিত ওই শিবিরের বাইরে চালানো এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হন।

২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট হস্তক্ষেপ করার পর থেকে সেখানকার পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে বলে জানিয়েছে জাতিসংঘ। দুই বছরে দেশটিতে প্রায় ৯ হাজার লোকের মৃত্যু হয়েছে, যার ৬০ শতাংশই বেসামরিক নাগরিক। আহতের সংখ্যাও ছাড়িয়ে গেছে ৫০ হাজার।

সম্প্রতি সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়ায় বিশ্ব ইয়েমেনে স্মরণকালের সবচেয়ে বড় দুর্ভিক্ষ দেখতে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।