কঙ্গোয় ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩০
কঙ্গোর লুয়ালাবা প্রদেশে মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে গিরিখাতে পড়ে গিয়ে আগুন ধরে অন্তত ৩০ জন নিহত হয়েছে।
প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স সোমবার এ খবর জানায়।
মালবাহী ওই ট্রেনটি রোববার দক্ষিণের খনি সমৃদ্ধ অঞ্চল লুবুমবাশি থেকে লুয়েনায় যাচ্ছিল। পথে বাইওউই শহরের কাছে সেটি লাইনচ্যুত হয়ে কাছের একটি গিরিখাতের মধ্যে পড়ে যায়।
লুয়ালাবা প্রদেশের গভর্নর রিচার্ড মুয়েজ রয়টার্সকে বলেন, “মালবাহী ওই ট্রেনটির ১১টি ট্যাঙ্কারের সবগুলোতে আগুন ধরে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে; সেগুলোতে দাহ্য খনিজ পদার্থ ছিল।
“প্রায় ৩০টি মৃতদেহ এবং আহত ২৬ জনকে ঘটনাস্থল থেকে ২৫ কিলোমিটার দূরের একটি হাসপাতালে নিয়ে হাওয়া হয়।”
দুর্ঘটনার আগে অনেক মানুষ ট্রেনটিতে উঠেছিল বলেও জানান তিনি। যে কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
