২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোরক্ষা: ভারতে আরও এক ব্যক্তিকে ‘হত্যা’

ভারতের রাজস্থানে উমর খান নামে এক ব্যক্তির মৃতদেহ রেললাইনে খুঁজে পাওয়া গেছে। পরিবারের দাবি, গরু পরিবহনের কারণে তাকে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 08:40 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

এনডিটিভি জানায়, রাজস্থানের আলওয়ার এলাকায় রামগড় পুলিশ স্টেশন থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে একটি রেললাইনের উপর ১০ নভেম্বর উমরের (৩২) মৃতদেহ পাওয়া যায়।

পরিচয় সনাক্ত না হওয়ায় এবং মৃত্যুর কারণ নিশ্চিত হতে না পারায় মৃতদেহটি মর্গেই পড়েছিল।

রোববার ভরতপুর গ্রামের একটি পরিবার থানায় গিয়ে মৃতদেহ সনাক্ত করে।

তাদের দাবি, উমর খান এবং তার আরও দুই স্বজন গরু কিনে বাড়ি ফেরার সময় গোরক্ষদের হামলার শিকার হয়।

বাকি দুইজনের মধ্যে কাঁধে গুলিবিদ্ধ তাহির খান (৪২) হরিয়ানা রাজ্যের ফিরোজপুরের জিরকা এলাকার একটি হাসপাতালে ভর্তি আছেন। জাভেদ খান (২৮) নামে অন্য একজন এখনও নিখোঁজ।

পুলিশ জানায়, তারা গত ১০ নভেম্বর পরিত্যক্ত একটি পিক-আপ খুঁজে পান। সেটিতে ছয়টি গরু ছিল, যেগুলোর মধ্যে একটি মৃত পড়েছিল। পরে পুলিশ গাড়িটি জব্দ করে।

মৃত উমর ও পরিত্যক্ত পিক-আপটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

গ্রামবাসীদের দাবি, পিক-আপটি উমর, জাভেদ ও তাহিরের।

মেও পঞ্চায়েত প্রধান শের মোহাম্মদ বলেন, “গোরক্ষক দল উমরকে হত্যা করেছে...আমরা এর তদন্ত এবং ন্যায্য বিচার চাই। মেও সম্প্রদায়ের লোকজন কৃষক এবং গবাদি পশু প্রতিপালন করে। আমাদের প্রতিনিয়ত নিপীড়ন করা হচ্ছে।”

এ বছর এপ্রিলে আলওয়ারে পেহলু খান নামে এক দুগ্ধ খামারীকে গবাদি পশু পাচারকারী সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল।

পেহলু খানকে পেটানোর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর ভারত জুড়ে নিন্দার ঝড় উঠে।

মারা যাওয়ার আগে তিনি ছয়জনের নাম বলে গিয়েছিলেন, যারা তাকে হত্যার নির্দেশ দেয় বলে অভিযোগ করেন পেহলু খান।

ওই ছয় জনকে পুলিশ গ্রেপ্তার করলেও পরে ‘প্রমাণের অভাবে’ তাদের ছেড়ে দেওয়া হয়।