২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে পোস্ট, পশ্চিমবঙ্গের চিকিৎসক বরখাস্ত

‘ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে ডেঙ্গু জ্বরের প্রকৃত অবস্থার তথ্য গোপন করছে’ ফেইসবুকে এ ধরনের একটি স্ট্যাটাস দেওয়ার কারণে এক চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2017, 08:55 PM

Updated : 12 Apr 2022, 12:41 AM

এনডিটিভি জানায়, শুক্রবার ওয়েস্ট বেঙ্গল হেল্থ ডিপার্টমেন্ট ডা. অরুণাচল দত্ত চৌধুরিকে বরখাস্ত করে।

বরখাস্ত আদেশে বলা হয়, “সামাজিক যোগাযোগ মাধ্যমে করা অরুণাচল দত্ত চৌধুরির পোস্ট জনগণকে পরিস্থিতির ভুল ব্যাখ্যা দিচ্ছে এবং এটা হাসপাতাল কর্তৃপক্ষের জন্য অবমাননা কর।”

উত্তর চব্বিশ পরগোনা জেলার বারাসাত ডিস্ট্রিক্ট হাসপাতালের মহাপরিচালক ছিলেন ডা. অরুণাচল।

নিজের পোস্টে তিনি বলেন, ৬ অক্টোবর তার হাসপাতালে প্রায় ৫০০ মানুষ ভর্তি হয়। তাদের চিকিৎসা দিতে হাসপাতালের কর্মীদের কি পরিমাণ যুদ্ধ করতে হচ্ছে সে বিষয়েও তিনি লেখেন।

হাসপাতালে শয্যার অভাবে বেশির ভাগ রোগীর জায়গা মেঝেতে হয়েছে বলেও জানান তিনি।

রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে এখন পর্যন্ত সেখানে ডেঙ্গু জ্বরে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং সরকারি হাসপাতালগুলোতে ১৮ হাজার মানুষের শরীরে ডেঙ্গু ভাইরাস সনাক্ত হয়েছে।

রাজ্যের বিরোধী দলগুলোর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি এবং এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার প্রকৃত সংখ্যা গোপন করছে।