২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরব: ক্ষমতা একচ্ছত্র করতেই দুর্নীতিবিরোধী অভিযান

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুর্নীতিবিরোধী অভিযানের নামে সিংহাসনে বসার পথে সম্ভাব্য সব বাধা সরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ সমালোচকদের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2017, 04:50 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

তারা বলছেন, পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্য থেকে ধারণার চেয়েও বেশি বাধা আসছে বুঝতে পেরেই ক্ষমতা নিরঙ্কুশ করতে যুবরাজ পরিবারের সদস্যদের ওপর চড়াও হতে দুর্নীতিবিরোধী অভিযানের ঢাল ব্যবহার করছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানের প্রথম ইঙ্গিত মেলে ৪ নভেম্বর জারি হওয়া এক নোটিসে।

এই নোটিশে রিয়াদের রিটজ কার্লটন হোটেল কর্তৃপক্ষ অতিথিদের জানায়, “স্থানীয় কর্তৃপক্ষের অপ্রত্যাশিত বুকিংয়ের কারণে নিরাপত্তার স্তর আরো কড়াকড়ি করার প্রয়োজনে আমরা আপনাদের হোটেলে রাখতে পারছি না, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা চলবে।”

ইতোমধ্যে শুদ্ধি অভিযানের প্রস্তুতি শুরু হয়ে গেছে। নোটিস জারির কয়েক ঘণ্টার মধ্যে সৌদি নিরাপত্তা বাহিনী দেশটির অভিজাত রাজনীতিক ও ব্যবসায়ীদের ধরপাকড় শুরু করে। এদের অধিকাংশকেই রাজধানী রিয়াদ ও উপকূলীয় শহর জেদ্দা থেকে আটক করা হয়। এদের মধ্যে আছেন ১১ জন প্রিন্স, বেশ কয়েকজন মন্ত্রী ও ধনী ব্যবসায়ী। 

এদের সবাইকে অভিজাত হোটেল রিটজ কার্লটন বন্দি করে রাখা হয়। হোটেলটি পরিণত হয় অস্থায়ী কারাগারে। সপ্তাহখানেক পরেও এ অবস্থা বজায় থাকে।

এদের মধ্যে কয়েকজনকে বৈঠকের কথা বলে ডেকে আনা হয়েছিল; বাকিদের রিয়াদে তাদের বাসা কিংবা উপকূলীয় শহর জেদ্দা থেকে গ্রেপ্তার করে উড়িয়ে আনা হয় রিটজ কার্লটনে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এই ব্যবস্থা জারি হয় বলে এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

 “মোহাম্মদ বিন সালমান যে দুর্নীতির ছড়ি ধরেছেন তাতে যে কাউকেই ধরা যাবে,” বলেন যুক্তরাষ্ট্রে বসবাস করা সৌদি নিরাপত্তা বিশ্লেষক জামাল খাশোগি।

১৯৭৯ থেকে ২০০১ পর্যন্ত সৌদি আরবের গোয়েন্দা সংস্থার প্রধান থাকা প্রিন্স তুর্কি আল-ফয়সালের এ সাবেক উপদেষ্টার মতে, মোহাম্মদ একজন জাতীয়তাবাদী ঘরানার রাজনীতিক, যে তার দেশকে ভালোবাসেন ও তাকে শক্তিশালী রূপে দেখতে চান।

“সমস্যা হলো তিনি একাই শাসন করতে চান,” বলেন খাশোগি।

এই নিরঙ্কুশ ক্ষমতার আকাঙ্ক্ষাই সৌদি আরবকে অস্থিতিশীল করে দিতে পারে বলে ধারণা অনেকের।

এতদিন রাজপরিবার এবং ওয়াহাবি মতাদর্শের রক্ষণশীল ধর্মীয় নেতাদের সমন্বয়ে সৌদি আরবের শাসন ব্যবস্থা পরিচালিত হতো।  বেশিরভাগ সিদ্ধান্তই হতো ঐক্যমতের ভিত্তিতে। মোহাম্মদের উত্থানের পর সে চিত্র বদলে গেছে।

২০১৫ সালে সালমান বাদশার দায়িত্ব নেওয়ার পর মোহাম্মদকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। চলতি বছরের জুনে যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে ছেলে মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ করেন বাদশা সালমান বিন আব্দুল আজিজ ইবনে সৌদি।

দায়িত্ব পাওয়ার দুই মাসের মাথায়ই অনেক ধর্মীয় নেতা ও প্রতিপক্ষ বুদ্ধিজীবিদের  জেলে পুরেন মোহাম্মদ।

সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশা আবদুল আজিজ ইবনে সৌদের মৃত্যুর পর থেকে দায়িত্ব পাওয়া বাদশাদের নেতৃত্বেই একদল প্রিন্স দেশটির শাসন ব্যবস্থা পরিচালনা করছিলেন। প্রিন্সদের ক্ষমতা কাঠামো এমন ছিল যেন কেউ কারও ওপর জোর না খাটাতে পারেন।

ব্যতিক্রম হলেন মোহাম্মদ; ৩২ বছর বয়সী এ যুবরাজ আগের ক্ষমতা কাঠামোর ভারসাম্য নষ্ট করে দিয়ে ‘একক শাসন’ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছেন বলে অভিযোগ সমালোচকদের।

সেনাবাহিনী, নিরাপত্তা, অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং সমাজ বিষয়ক সবকিছুর একক নিয়ন্ত্রণ যুবরাজের হাতে।

আগের বাদশাহরা তাদের ভাই, ছেলে কিংবা ভাতুষ্পুত্রদের কয়েকজনকে উপদেষ্টা বানিয়ে বিভিন্ন দায়িত্ব তাদের সঙ্গে ভাগ করে নিতেন। নতুন যুবারাজ এখন পর্যন্ত পরিবারের কাউকে এই ধরনের শীর্ষ পদে মনোনয়ন না দিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রশিক্ষিত একদল সৌদি নাগরিকের পরামর্শের ওপর নির্ভর করছেন।

রাজপরিবারের বেশ কয়েকজন পর্যবেক্ষক জানান, চলতি বছরের গ্রীষ্মে পারিবারিক বৈঠকেই রাজপরিবারের গৃহবিবাদের ইঙ্গিত মেলে।

এক পর্যবেক্ষক জানান, দেশটির প্রভাবশালী ন্যাশনাল গার্ডের প্রধান মিতেবের মতো প্রভাবশালী অনেকেই যে মোহাম্মদের উত্থানকে ভালোভাবে নেয়নি তা সুবিদিত। এরই প্রতিক্রিয়ায় মিতেবসহ প্রিন্সদের গ্রেপ্তারকাণ্ড।