সৌদি আরবে আকস্মিক সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট
লেবানন ও সৌদি আরবের মধ্যে ঘনিয়ে ওঠা সংকটের মাঝে আকস্মিক সফরে রিয়াদে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।
এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেন।
লেবানন ও ইয়েমেনকে নিয়ে রিয়াদ ও তেহরানের নতুন করে সংঘাতে জড়িয়ে পড়া এবং সৌদি প্রিন্সদের ধরপাকড়কে কেন্দ্র করে সৌদি রাজনীতির টালমাটাল সময়টিতেই মাক্রোঁ সৌদি আরবে গেলেন।
আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি আরবের সঙ্গে কাজ করে যাওয়া জরুরি বিবেচনা করেই মাক্রোঁ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলতে সেখানে সফরে গেছেন বলে জানিয়েছেন।
তড়িঘড়ি আয়োজিত একটি বৈঠকে তিনি সালমানের সঙ্গে আলোচনাও করেছেন বলে জানিয়েছে রয়টার্স।
বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানান, দুইজনের মধ্যে আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েই মূলত কথা হয়েছে। বিশেষত ইয়েমেন এবং লেবানন নিয়ে চলেছে আলোচনা। একইসঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় এসেছে।
গত শনিবার ইরানের সঙ্গে বৈঠকের পর সৌদি আরবে গিয়ে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি।
প্রাণনাশের আশঙ্কার’ কথা জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এজন্য ইরান এবং হিজবুল্লাহকেও দায়ী করেন হারিরি।
তার এই আচমকা ঘোষণায় লেবাননে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে।
পট প্রস্তুত হচ্ছে ইরান-সৌদি আরব যুদ্ধেরও। দু’দেশই একে অপরের বিরুদ্ধে লেবাননসহ আরও বৃহত্তর এলাকাজুড়ে অস্থিতিশীলতা বাড়ানোর অভিযোগ করছে।
ফ্রান্সের সঙ্গে লেবাননের সম্পর্ক ঐতিহাসিক। লেবানন ফ্রান্সের সাবেক উপনিবেশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশটি স্বাধীনতা অর্জন করে।
ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁ বৃহস্পতিবার ফ্রান্সের বিখ্যাত জাদুঘর ল্যুভরের আদলে তৈরি ল্যুভর আবুধাবি উদ্বোধন করতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি পরে সৌদি আরবে যান।
দুবাই সফরকালে মাক্রোঁ এক সংবাদ সম্মেলনে হারিরির সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হওয়ার কথা জানিয়েছিলেন। তবে তাকে ফ্রান্সে হতস্তান্তরের কোনও অনুরোধ জানাননি।
মাক্রোঁ রিয়াদ সফরকালে হারিরর সঙ্গে দেখা করেছেন কিনা বা কথা বলেছেন কিনা তা বিবৃতিতে জানাননি। তবে হারিরর পদত্যাগ পরবর্তী লেবানন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন।
তাছাড়া, লেবাননের স্থিতিশীলতা, নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখন্ডতা অক্ষুন্ন রাখার গুরুত্বও মাক্রোঁ নতুন করে তুলে ধরেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
