২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংযুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত সফরে হারিরি, লেবাননে সঙ্কট বাড়ছে

লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি সংযুক্ত আরব আমিরাতে এক সংক্ষিপ্ত সফর শেষে সৌদি আরব ফিরেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 04:13 PM

Updated : 12 Apr 2022, 12:41 AM

মঙ্গলবার মাত্র কয়েক ঘণ্টার জন্য তিনি আবু ধাবি যান বলে জানিয়েছে রয়টার্স।

কি কারণে এই সফর তা জানা যায়নি। সাদের ফিউচার টেলিভিশন জানিয়েছে, পদত্যাগী প্রধানমন্ত্রী এরপর বাহরাইন সফরে যাবেন।  তারাও এসব সফরের কারণ বলতে পারেনি।

প্রাণনাশের হুমকির কথা জানিয়ে শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে এক টেলিভিশন বার্তায় পদত্যাগের ঘোষণা দেন সাদ। এজন্য ইরান ও হিজবুল্লাহকেও দায়ী করেন তিনি।

দুই বছরের রাজনৈতিক অচলাবস্থার পর গত বছর ক্ষমতা কাঠামো নিয়ে সুন্নি ও শিয়া সমর্থিত প্রধান দলগুলোর সমঝোতায় লেবাননের প্রধানমন্ত্রী হন সাদ হারিরি।

সমঝোতায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে হিজবুল্লাহও আছে, ২০০৫ সালে গাড়ি বোমা হামলায় হারিরির বাবা রফিক আল-হারিরির মৃত্যুর পেছনে শিয়া এই গোষ্ঠীটির হাত আছে বলে সন্দেহ করা হয়।

হারিরি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেয়ায় লেবানন নতুন করে রাজনৈতিক সঙ্কটে পড়তে পারে বলে ধারণা বিশ্লেষকদের। তার পদত্যাগ দেশটির ইরান সমর্থিত শিয়া ও সৌদি আরব সমর্থিত সুন্নি গোষ্ঠীগুলোকে মুখোমুখি অবস্থায় নিয়ে যেতে পারে বলেও ধারণা তাদের।

তেহরান লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রীর অভিযোগ অস্বীকার করে বলেছে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর ষড়যন্ত্রেই সাদ পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

সোমবার সৌদি আরবের গাল্ফ অ্যাফেয়ার্স মন্ত্রী থামের আল সাবহান এক টেলিভিশন সাক্ষাৎকারে লেবানন তার দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলেও অভিযোগ করেন।

সাদ আগে থেকেই সৌদি আরবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগেও তিনি ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত এক দফা লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকদফা সৌদি আরব সফর করা হারিরির পদত্যাগের ঘোষণাটিও রিয়াদে রেকর্ড করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লেবাননের হিজবুল্লাহপন্থি সংবাদ মাধ্যম আল আখবারের এক প্রতিবেদনে সাদকে সৌদি আরবে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে। রিয়াদ লেবাননের প্রধানমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছে বলেও দাবি তাদের।

মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনকে টেলিফোন করেছেন বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। লেবাননের স্থিতিশীলতা রক্ষায় ইরান সম্ভব সব কিছু করবে বলেও রুহানি আশ্বাস দেন।

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরব থেকে দেশে ফিরে এসে প্রাণনাশের হুমকির অভিযোগের ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র গ্রহণ করা হবে না।