২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার দুর্বৃত্ত শাসন বিপদের মুখে: ট্রাম্প

পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনায় বসার আহ্বান জানানোর একদিন পরই ফের পিয়ংইয়ংয়ের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 12:01 PM

Updated : 12 Apr 2022, 12:41 AM

উত্তর কোরিয়ার ‘দুর্বৃত্ত শাসন’ গুরুতর বিপদের মধ্যে আছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে দেওয়া ভাষণে ট্রাম্প এ মন্তব্য করেন বলে বিবিসি জানিয়েছে।

ভাষণে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের সামরিক সক্ষমতা সম্পর্কেও পিয়ংইয়ংকে সতর্ক করেন তিনি।

“আমাদের খাটো করে দেখো না, আমাদের পরীক্ষা নিয়ো না।”

এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার সিউল পৌঁছান ট্রাম্প। শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি; পরে এক যৌথ সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার প্রতি পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে এসে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান।

বুধবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট। ভাষণের শুরুতে কোরিয়ান যুদ্ধের পর উত্তরের তুলনায় বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতির জন্য দক্ষিণ কোরিয়ার সাংসদদের প্রশংসা করেন তিনি।

উত্তর কোরিয়ায় দীর্ঘকাল ধরে চলা ‘সামরিক শাসনের’ সমালোচনা করেন ট্রাম্প। দেশটির নেতা কিম জংকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনার দাদার (কিম ইল-সাং, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা) কল্পনার স্বর্গ নয়, উত্তর কোরিয়া এখন এমন একটি নরক, যেখানে কেউ যেতে চায় না।”

পারমাণবিক অস্ত্র নিয়েও কিমকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

“যে অস্ত্র বানাচ্ছেন তা আপনাকে নিরাপদ রাখছে না, উল্টো আপনার শাসনকে বিপদের মুখে ফেলছে।”

 পিয়ংইয়ংকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে চাপ দিতে সবার প্রতিও আহ্বান জানান তিনি।

বিবিসি জানায়, পার্লামেন্টে ভাষণ দেওয়ার আগে ট্রাম্প এক ‘আকস্মিক সফরে’ দক্ষিণ ও উত্তরের মধ্যবর্তী ডিমিলিটারাইজ জোনে যাওয়ার পরিকল্পনা করেন।

সিউলের ইয়ংসানের মার্কিন ঘাঁটি থেকে মার্কিন প্রেসিডেন্টের হেলিকপ্টারটি ডিমিলিটারাইজ জোনে যাওয়ার চেষ্টা করলেও পরে খারাপ আবহাওয়ার কারণে ফিরে আসতে বাধ্য হয়।

১২ দিনের এশিয়া সফরে রোববার জাপান পৌঁছান ট্রাম্প। সেখান থেকে দক্ষিণ কোরিয়া হয়ে তার চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনে যাওয়ার কথা রয়েছে।