ট্রাম্পকে আঙুল দেখিয়ে চাকরি খোয়ালেন এক নারী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহরের পাশ দিয়ে যাওয়ার সময় হাতের মাঝের আঙুল দেখিয়ে শেষমেশ চাকরি খোয়াতে হয়েছে এক নারীকে।
জুলি ব্রিস্কম্যান নামক ওই নারীর ট্রাম্পের গাড়ি লক্ষ্য করে ‘মধ্যমা’ দেখানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পরই তার চাকরি চলে যাওয়ার খবর পাওয়া যায় বলে জানিয়েছে বিবিসি।
ঘটনাটি ঘটে ভার্জিনিয়ায় গত ২৮ অক্টোবর, প্রেসিডেন্ট ট্রাম্পের গল্ফ খেলার জায়গার কাছেই।
ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন ব্রিক্সম্যান। আর ঠিক সে সময়ই তার পাশ দিয়ে যাচ্ছিল ডোনাল্ড ট্রাম্পের কনভয়।
ট্রাম্প বিরোধী জুলি ব্রিক্সম্যান সেই সুযোগেই প্রতিবাদ জানাতে ওই কাজ করেন। ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকাকে এ ব্যাপারে তিনি বলেছেন, দেশ যখন হাজারো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে সে সময় প্রেসিডেন্ট আবারো গল্ফ খেলতে এসেছেন? এ প্রশ্নই তার মাথায় সেদিন ঘুরপাক খাচ্ছিল।
পুয়ের্তো রিকোর ধ্বংসযজ্ঞ, ছোটবেলায় যুক্তরাষ্ট্রে আসা তরুণ অভিবাসীদের দেশ থেকে তাড়ানোর পদক্ষেপ, লাস ভেগাসের মৃত্যু আর ধ্বংসযজ্ঞ, কূটনৈতিক চাকরিতে থাকা বন্ধুবান্ধব যারা চাকরি নিয়ে নিরাপত্তাহীনতায় আছে - এসব কিছুই সাইকেল চালাতে চালাতে মাথায় ঘুরতে থাকায় রক্ত গরম হয়ে উঠেছিল ব্রিক্সম্যানের।
ওয়াশিংটন পোস্টকে তিনি বলেন, “আমি এসব কিছু নিয়েই ভাবছিলাম। ঠিক ওই সময়ই দেখলাম কালো গাড়িগুলো এল। আর তখনই আমার মনে হয়ে গেল যে তিনি (ট্রাম্প) আবারও গল্ফ খেলতে এসেছেন।”
ব্রিক্সম্যানের মধ্যমা দেখানোর ছবি ফ্রেমবন্দি করেন চিত্রগ্রাহক ব্রেনডেন স্মিয়ালোস্কি। ব্রিক্সম্যান তা বুঝতেও পারেননি। পরে ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
ছবিতে পেছন থেকে ব্রিক্সম্যানকে সাইকেল চালাতে দেখা গেছে। যদিও ওটা যে তারই ছবি, তার কোনও প্রমাণ ছিল না। তবে সেটি যে ব্রিক্সম্যানেরই ছবি তা তিনি নিজেই জানিয়েছেন ঘটনার তিন দিন পর নিজস্ব ফেসবুক ও টুইটারের পেজে ছবিটিকে প্রোফাইল পিকচার হিসেবে বেছে নিয়ে।
অভিযুক্ত ৫০ বছর বয়সী ব্রিক্সম্যান একটি নির্মাণকারী সংস্থার মার্কেটিং অফিসার হিসাবে কাজ করছিলেন। হাফিংটন পোস্ট নিউজ ওয়েবসাইটকে তিনি জানান, ছবিটি প্রকাশ্যে আসার পরই তাকে বরখাস্ত করে ওই নির্মাণকারী সংস্থা।
অফিসের নির্বাহী কর্মকর্তারা ব্রিক্সম্যানকে বলেছেন, তারা মনে করেন এই ছবিটি 'অশোভন' বা 'অশ্লীল।' আর তাই এ ছবি পোস্ট করে তিনি অফিসের সোশ্যাল মিডিয়া নীতি ভঙ্গ করেছেন।
তবে ব্রিস্কম্যান বলেছেন, ম্যানেজমেন্টকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে, ছবিটি তোলার সময় তিনি কাজে নিয়োজিত ছিলেন না। তাছাড়া, তিনি সেখানে অফিসের কথাও বলেননি।
ব্রিস্কম্যান অভিযোগ করে আরও বলেন, তার অন্য এক পুরুষ সহকর্মীর বেলায় এরকম ঘটনায় তাকে চাকরি হারাতে হয়নি। কিন্তু তাকে কেন চাকরি থেকে বরখাস্ত করা হল তা তিনি জানতে চান।
তাছাড়া, চাকরি হারানোর পরও ব্রিক্সম্যান বলছেন, ওভাবে আঙুল দেখানো নিয়ে তিনি মোটেও অনুতপ্ত নন বরং ঠিক কাজটিই করেছেন বলে মনে করেন।
