ধাওয়া খেয়ে আত্মহত্যা করে টেক্সাসের গির্জায় হামলাকারী
যুক্তরাষ্ট্রের টেক্সাসে রোববারের প্রার্থনার সময় গির্জায় ঢুকে গুলি চালিয়ে ২৬ জনকে হত্যাকারী ব্যক্তি দুই অধিবাসীর পিছু ধাওয়ার মুখে পড়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্টির শেরিফ।
টেক্সাসের উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস এলাকার ফার্স্ট ব্যাপটিস্ট চার্চে এ হামলা হয়। টেক্সাসের ইতিহাসে গুলি চালিয়ে হত্যার সবচেয়ে ভয়াবহ ঘটনা এটি।
উইলসন কাউন্টির শেরিফ সোমবার সকালে সিবিএস নিউজ চ্যানেলকে এক সাক্ষাৎকারে বলেছেন, বন্দুকধারী হত্যাকাণ্ড ঘটিয়ে চার্চ ছেড়ে গাড়িতে করে চলে যাওয়ার সময় দুই স্থানীয় অধিবাসী অস্ত্র নিয়ে তাকে পিছু ধাওয়া করে। ধাওয়ার মুখে হামলাকারী এক পর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিজেকে গুলি করে আত্মহত্যা করে। পুলিশ পরে বিধ্বস্ত গাড়ির ভেতর তার গুলিবিদ্ধ লাশ পায়।
অধিবাসী জনি ল্যানগেনডর্ফ স্থানীয় গণমাধ্যমে বন্দুকধারীকে পিছু ধাওয়া করার কথা জানিয়েছেন। তিনি বলেন, “বন্দুকধারী গাড়িতে করে পালাচ্ছিল... তখন আরেকজন ভদ্রলোক এসে বললেন আমাদের তাকে পিছু ধাওয়া করা উচিত।”
হামলাকারীর পিছু ধওয়া করার জন্য এই দুই অধিবাসী বীরের সম্মান পাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।
আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের বরাত দিয়ে কয়েকটি স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চার্চে হামলাকারীর নাম ডেভিন প্যাট্রিক কেলি (২৬) বলে সনাক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সাবেক সদস্য কেলিকে ২০১৪ সালে স্ত্রী এবং সন্তানের ওপর সহিংস আচরণের জন্য বের করে দেওয়া হয়েছিল।
চার্চে তার হামলার উদ্দেশ্য কি ছিল তা এখনও জানা যায়নি।
