উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করবে জাপান: ট্রাম্প
যুক্তরাষ্ট্র থেকে কেনা অস্ত্র দিয়ে জাপান ‘আকাশেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র’ ধ্বংস করতে পারবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১২ দিনের এশিয়া সফরে ট্রাম্প প্রথমেই জাপানে গেছেন। সোমবার ট্রাম্পকে নিয়ে এক সংবাদ সম্মেলনে হাজির হন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
সেখানে আবেও বলেন, ‘যদি প্রয়োজন পড়ে’ তবে তার দেশ মাঝপথেই ক্ষেপণাস্ত্র রুখে দিতে সক্ষম।
সম্প্রতি জাপানের উপর দিয়ে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া, যেগুলো জাপান সাগরে গিয়ে পড়ে। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এর আগে জাপানকে সাগরে ডুবিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া।
জাপানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আবে যুক্তরাষ্ট্র থেকে “বিপুল পরিমাণ সামরিক রসদ কিনতে চলেছেন।”
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “যখন এসব রসদ জাপানে পৌঁছে যাবে তখন আবে সেগুলোকে (ক্ষেপণাস্ত্রগুলোকে) আকাশেই ধ্বংস করে ভূপাতিত করতে পারবেন।”
তবে ট্রাম্পের এই সফরে জাপানের সঙ্গে ঠিক কখন যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয় সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
দীর্ঘদিন ধরে সামরিকভাবে দুইদেশ ঘনিষ্ঠ মিত্র এবং জাপানে যুক্তরাষ্ট্রে কয়েকটি সামরিক ঘাঁটি আছে।
প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মত জাপান সফরে যাওয়া ট্রাম্প টোকিওর কাছে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন। এছাড়া, তিনি জাপানে আমেরিকান ব্যবসায়ী নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।
জাপান থেকে তিনি দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম এবং ফিলিপিন্স সফর করবেন।
