উত্তেজনা বাড়ানোর ষড়যন্ত্রেই হারিরির পদত্যাগ: ইরান
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরো বাড়ানোর ষড়যন্ত্রের অংশ হিসেবেই লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি পদত্যাগ করেছেন বলে অভিযোগ করেছে ইরান।
লেবাননের প্রধানমন্ত্রীর আকস্মিক এ পদত্যাগের পেছনে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব আছে বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির এক উপদেষ্টা, খবর বিবিসির।
‘প্রাণনাশের শঙ্কায়’ শনিবার সৌদি আরব থেকে পাঠানো এক টেলিভিশন বার্তায় পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সাদ হারিরি; তেহরান লেবাননসহ বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।
তার বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের সবোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা হুসেইন শেখ আল-ইসলাম পাল্টা অভিযোগ করে বলেছেন, “সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে সাদ হারিরি নিজেই ষড়যন্ত্র করছেন।”
দুই বছরের রাজনৈতিক অচলাবস্থার পর গত বছর ক্ষমতা কাঠামো নিয়ে সুন্নি ও শিয়া সমর্থিত প্রধান দলগুলোর সমঝোতায় লেবাননের প্রধানমন্ত্রী হন সাদ হারিরি।
সমঝোতায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে হিজবুল্লাহও আছে, ২০০৫ সালে গাড়ি বোমা হামলায় হারিরির বাবা রফিক আল-হারিরির মৃত্যুর পেছনে শিয়া এই গোষ্ঠীটির হাত আছে বলে সন্দেহ করা হয়।
হারিরি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেয়ায় লেবানন নতুন করে রাজনৈতিক সঙ্কটে পড়তে পারে বলে ধারণা বিশ্লেষকদের। তার পদত্যাগ দেশটির ইরান সমর্থিত শিয়া ও সৌদি আরব সমর্থিত সুন্নি গোষ্ঠীগুলোকে মুখোমুখি অবস্থায় নিয়ে যেতে পারে বলেও ধারণা তাদের।
তেহরানকে লক্ষ্য করে হারিরির করা অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের রাজনৈতিক নেতারা।
“ডোনাল্ড ট্রাম্প আর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনাতেই পদত্যাগ করেছেন হারিরি,” বলেন হুসেইন শেখ আল-ইসলাম।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমী মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় ইন্ধন যোগানোর দায় দিয়েছেন পদত্যাগী লেবাননি প্রধানমন্ত্রীকে।
“এই অঞ্চলের অমঙ্গলাকাঙ্ক্ষী ইসরায়েল, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে হারিরি ধারাবাহিকভাবে অবাস্তব ও অস্তিত্বহীন অভিযোগ করে আসছেন,” রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনাকে এমনটাই বলেন কাসেমী।
লেবাননের পদত্যাগী প্রধানমন্ত্রী হারিরি আগে থেকেই সৌদি আরবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগেও তিনি ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত এক দফা লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন।
শনিবার এক বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, “শহীদ রফিক আল-হারিরি গুপ্তহত্যার শিকার হওয়ার আগে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এখন আমরা সেই রকম অবস্থায় আছি। আমাকে হত্যা করার জন্য গোপনে যে পরিকল্পনা চলছে তা আমি অনুভব করতে পারছি।”
ভাষণে ইরান ও লেবাননে তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহরও সমালোচনা করে প্রচ্ছন্ন হুমকিও দেন হারিরি।
বলেন, “ইরান দিন দিন আরব বিশ্বের বিভিন্ন বিষয়ে নিজেদের প্রভাব হারাচ্ছে। লেবানন নিজেদের হারানো ঐতিহ্য আবারও ফিরে পাবে, আমাদের দিকে অন্যায়ভাবে কেউ হাত বাড়াতে চাইলে ওই হাত কেটে ফেলা হবে।”
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকদফা সৌদি আরব সফর করা হারিরির পদত্যাগের ঘোষণাটিও রিয়াদে রেকর্ড করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লেবাননের রাজধানী বৈরুতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির উপদেষ্টা আলি আকবর বেলায়েতির সঙ্গে বৈঠকের একদিনের মাথায় লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা এল।
লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাদ আল-হারিরি টেলিফোনে তার পদত্যাগের কথা প্রেসিডেন্ট মিশেল আউনকে জানিয়েছেন; প্রধানমন্ত্রী দেশে ফিরলে তার পদত্যাগের কারণ খতিয়ে দেখা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
