২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

সিরিয়া সঙ্কট ও পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে ইরান সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2017, 12:18 AM

Updated : 12 Apr 2022, 12:38 AM

২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের হওয়া পারমাণবিক চুক্তি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের চলমান উত্তেজনার মধ্যে বুধবার তিনি ইরানে পৌঁছেন।

তেহরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পুতিনের বৈঠকে আঞ্চলিক সঙ্কট সিরিয়া সংঘাত, পারমাণবিক চুক্তি এবং অর্থনৈতিক ও দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হবে।

পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া বিপরীত অবস্থানে আছে। ইরানের সঙ্গে ২০১৫ সালের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে এরই মধ্যে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওদিকে, সিরিয়া সংঘাতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে দেশটিতে যুদ্ধ করছে ইরান এবং রাশিয়া।  দুই দেশই সিরিয়ার প্রেসিডেন্টকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক ও আরব উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলো বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া সিরীয় বিরোধী গোষ্ঠীগুলোর সমর্থক।