নিউ ইয়র্কে ট্রাক হামলাকারী একজন উজবেক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ট্রাক নিয়ে হামলাকারী উজবেক অভিবাসী ইসলামিক স্টেটের আদর্শে উদ্বুদ্ধ ছিলেন; তিনি কয়েক সপ্তাহ ধরে হামলার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তারা।
২০১০ সালে উজবেকিস্তান থেকে যুক্তরাষ্ট্রের আসা ওই যুবকের (২৯) নাম সাইফুল্লা সাইপভ । সাইকেলের লেইনে ট্রাক তুলে দিয়ে ৮ জনকে হত্যার পর পুলিশ তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে।
নিউ ইয়র্ক পুলিশের ডেপুটি কমিশনার জন মিলার বলেছেন, হামলার পর আইএস এর পক্ষ থেকে দায় স্বীকার করে আরবিতে লেখা একটি নোট লোয়ার ম্যানহাটনের ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
মিলার জানান, সাইপভ কয়েক সপ্তাহ ধরেই হামলার পরিকল্পনা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আইএস এর হয়েই হামলাটি চালান। সামাজিক যোগাযোগমাধ্যমে আইএস যে ধরনের নির্দেশনা দিয়ে থাকা সন্দেহভাজন হামলাকারী তা অনুসরণ করেছেন বলেও ভাষ্য মিলারের।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর এটিই নিউ ইয়র্কে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে সাইফুল্লো সাইপভ ফ্লোরিডায় বাস করতেন বলে প্রাথমিক খবরে জানা গেছে।
মঙ্গলবার নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে সাইকেলের লেইনে তার ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।
নিউ ইয়র্ক পুলিশের কমিশনার জেমস ও’নিল জানান, স্থানীয় সময় বিকাল ৩টার পরপরই ট্রাকটি সাইকেলের লেইনে উঠে পড়ে। পথচারী ও সাইক্লিস্টদের আঘাত করার পর এটি একটি স্কুল বাসে ধাক্কা দিয়ে ভেতরে থাকা দুই শিশুসহ অন্তত চারজনকে আহত করে।
