২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে জরুরি অবস্থার অবসান

দুই বছর আগে প্যারিস জুড়ে সন্ত্রাসী হামলার পর সারা দেশে জারি করা জরুরি অবস্থা অবশেষে তুলে নিয়েছে ফ্রান্স সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Nov 2017, 11:06 PM

Updated : 12 Apr 2022, 12:38 AM

এর বদলে নতুন একটি সন্ত্রাস-বিরোধী আইন পাশ করা হয়েছে, যা বুধবার থেকে কার্যকর হবে।

নতুন আইনে পুলিশের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এখন পুলিশ যে কারও স্থাবর সম্পত্তিতে তল্লাশি চালাতে পারবে, আড়িপাতার জন্য ইলেক্ট্রোনিক যন্ত্রপাতি বসাতে পারবে এবং ঘৃণা ছড়াচ্ছে সন্দেহে মসজিদ বা অন্য যেকোনো প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারবে।

আইফেল টাওয়ারে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপ বলেন, “অনেকের আশঙ্কা আমরা এখন জরুরি অবস্থা তুলে নেওয়ায় নিরাপত্তা ব্যবস্থা শিথিল হয়ে যাবে, বাস্তাব এর বিপরীত।”

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পিকআপ ট্রাক নিয়ে হামলার ঘটনা উল্লেখ করে তিনি আরও বলেন, “এখন বিশ্বের সবদেশই উচ্চ হুমকিতে আছে।”

নতুন আইনে জরুরি অবস্থায় কার্যকর থাকা কিছু নিয়ম সব সময়ের জন্য প্রচলন করা হয়েছে। আবার কিছু নিয়মের সংস্কার করা হয়েছে।

হুমকি হয়ে উঠতে পারে এমন মানে হলে বা লোকজনের বিদ্বেষপূর্ণ আচার-আচরণ সন্দেহ হলে বা যানবাহনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেলে এখন থেকে আদালতের অনুমতি ছাড়াই স্বারাষ্ট্র মন্ত্রণালয় যেকোনো এলাকায় তল্লাশি অভিযান চালাতে পারবে।

নতুন এই আইন নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়াই পাওয়া গেছে বলে জানিয়েছে রয়টার্স।

রক্ষণশীল রাজনীতিবীদের আশঙ্কা ‘সন্ত্রাসী হামলা প্রতিরোধে’ এই আইন যথেষ্ট নয়। অন্য দিকে মানবাধিকার সংগঠনগুলো পুলিশের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় তার অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করেছেন।

ফ্রান্সের হিউম্যান রাইটস ওয়াচডগের পক্ষ থেকে বলা হয়, এই আইনে ফ্রান্সে বসবাস করা মুসলিমদের অধিকার লঙ্ঘিত হতে পারে।