জার্মানিতে ‘হামলার পরিকল্পনাকারী’ সিরীয় তরুণ গ্রেপ্তার
বোমা হামলার পরিকল্পনা করছিল সন্দেহে সিরীয় এক শরণার্থীকে আটক করেছে জার্মান পুলিশ।
ফেডারেল প্রসিকিউটরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।
আটক ১৯ বছরের ওই তরুণের নাম ইয়ামেন এ। তাকে মঙ্গলবার ভোরে উত্তর-পূর্বাঞ্চলের শহর শেহরিন থেকে গ্রেপ্তার করা হয়, তার বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ।
প্রসিকিউটরের কার্যালয় থেকে মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, “এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, ইয়ামেন এ. গত জুলাইয়ের পর জার্মানিতে বোমা বিস্ফোরণ ঘটানোর সিদ্ধান্ত নেয়। তার লক্ষ্য ছিল, যত বেশি সম্ভব মানুষকে হতাহত করা।”
“এজন্য সে বোমা তৈরির যন্ত্রপাতি এবং রাসায়নিক যোগাড় করা শুরু করেছিল। তবে সে হমলার লক্ষ্যবস্তু ঠিক করেছিল কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
ওই তরুণের সঙ্গে কোনও জঙ্গি দলের যোগাযোগ ছিল কিনা সে সম্পর্ককে বিবৃতিতে কিছু বলা হয়নি। সে কবে জার্মানিতে গেছে সেটিও জানানো হয়নি।
