ইরান ক্ষেপণাস্ত্র তৈরি করে যাবে: রুহানি
নিজেদের প্রতিরক্ষার জন্য ইরান ক্ষেপণাস্ত্র তৈরি করে যাবে এবং তাতে আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হবে না বলে মনে করেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
রোববার পার্লামেন্টে এক ভাষণে রুহানি বলেন, “আমরা ক্ষেপণাস্ত্র বানিয়েছি, বানাচ্ছি এবং বানানো অব্যাহত রাখব। এতে কোনও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘিত হবে না।”
রাষ্ট্রীয় টেলিভিশনে রুহানির ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের কারণে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এ ভোট হয়।
২০১৫ সালে বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি থেকে সরে যেতে চাইছে যুক্তরাষ্ট্র।
যদিও ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে এরই মধ্যে যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেইসঙ্গে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের উন্নয়ন কাজ বন্ধ রাখার আহ্বানও জানিয়েছে।
শুরু থেকেই ইরান পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করার পরিকল্পনা তাদের নেই বলে দাবি করে আসছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার কথা বলে আসছেন। এ মাসেই তিনি ওই চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন না দেওয়ার কথাও জানিয়েছেন।
ট্রাম্পের সমালোচনা করে রুহানি বলেন, “আপনি অতীত আলোচনা এবং জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল অনুমোদিত চুক্তিকে অসম্মান করছেন।
“তারা যে ধরনের আচরণ করছে তাতে ভবিষ্যতে অন্য কোনও দেশের সঙ্গে তাদের আলোচনা বা চুক্তির আশা না করাই উচিত।”
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক দলের প্রধানের সঙ্গে তেহরানে রুহানির বৈঠক হওয়ার কথা রয়েছে।
