বার্সেলোনায় স্পেনের একতার দাবিতে বিশাল বিক্ষোভ
কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনায় প্রায় তিন লাখ মানুষ স্বাধীনতার বিপক্ষে স্পেনের একতার দাবি নিয়ে মিছিল করেছে।
বিবিসি জানায়, তারা বরখাস্ত কাতালান নেতা কার্লেস পুজদেমনের কারাদণ্ডের দাবিতে শ্লোগানও দিয়েছে।
পুজদেমনকে বরখাস্ত করার পাশাপাশি কাতালুনিয়ার স্বায়ত্বশাসন স্থগিত করে স্পেন সরকার সেখানে কেন্দ্রের শাসন প্রতিষ্ঠা করেছে এবং সেখানকার দায়িত্ব উপ প্রধানমন্ত্রী সোরায়া সায়েনজ দে সান্তামারিয়ার হাতে হস্তান্তর করা হয়েছে।
কাতালুনিয়ার পুলিশপ্রধানসহ শীর্ষ পদের অনেক কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী কাতালুনিয়া পুলিশের দায়িত্বভার গ্রহণ করেছেন।
তবে বরখাস্ত করা হলেও পুজদেমনসহ স্বাধীনতার পক্ষের নেতাদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া হয়নি।
যদিও নাম প্রকাশে অনিচ্ছুক বেলজিয়ামের এক মন্ত্রী বলেছেন, পুজদেমন সেখানে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করতে পারেন।
স্পেন সরকারের বিরোধিতা ও আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাতালুনিয়ার মানুষ গত ১ অক্টোবর স্বাধীনতা প্রশ্নে এক গণভোটে অংশ নেয়। সেখানে প্রায় ৯০ শতাংশ ভোট কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে পড়ে বলে ভাষ্য কাতালান সরকারের।
তারই ধারাবাহিকতায় শুক্রবার বার্সেলোনায় কাতালান পার্লামেন্টের স্বাধীনতা প্রশ্নে ভোটাভুটি হয় এবং বিরোধীদের বয়কটের মধ্যে ৭০-১০ ভোটে কাতালুনিয়ার স্বাধীনতার ঘোষণা দেওয়ার প্রস্তাব অনুমোদন পায়।
এর ঘণ্টাখানেকের মধ্যে মাদ্রিদে স্প্যানিশ পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট কাতালুনিয়াকে সরাসরি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে আনার প্রস্তাব পাস করে।
পরে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকে প্রধানমন্ত্রী রাখয় কাতালুনিয়ার আঞ্চলিক সরকার ভেঙে দিয়ে নতুন আঞ্চলিক সরকার নির্বাচনে ২১ ডিসেম্বর ভোটের তারিখ ঘোষণা করেন।
কাতালান পৌর পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলা হয়, রোববার অন্তত তিন লাখ মানুষ কাতালুনিয়ার স্বাধীনতার বিপক্ষে মিছিল করেছে।
তাদের একজন ১৯ বছরের তরুণী মারিয়াঁ ফার্নাদেজ, সে কাতালান কর্তৃপক্ষের কাণ্ডে দারুণ অখুশি।
“আমার ভীষণ রাগ লাগছে। আমার দাদা যে দেশ নির্মাণ করেছেন তার সঙ্গে তারা এটা কি করল?”
মারিয়া লোপেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমরা কি চাই? তারা সেটা চাওয়া থেকে আমাদের বিরত রাখতে পারে না। এটা অসম্মানের। আমরা এটি করার অনুমতি দেব না। তারা নির্লজ্জ, নির্লজ্জ এবং পুজদেমনকে কারাগারে নেওয়া প্রয়োজন।”
