২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় হোটেলে জিম্মি ঘটনার অবসান, নিহত ২৯

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি হোটেলে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 11:18 AM

Updated : 12 Apr 2022, 12:37 AM

হামলার প্রায় ১২ ঘণ্টা পর পুলিশ হোটেলটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। তিন জঙ্গিকে আটক করেছে পুলিশ। গুলিতে আহত আরও দুই জঙ্গি আত্মঘাতী হামলা চালিয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

মাত্র দুই সপ্তাহ আগে মোগাদিশুতে জোড়া বোমা হামলায় সাড়ে তিনশর বেশি মানুষ নিহত হয়, যা দেশটির ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী হামলা।

ওই হামলার দায় কেউ স্বীকার না করলেও শনিবারের হামলার দায় স্বীকার করেছে দেশটির জঙ্গি দল আল শাবাব।

সোমালীয় সরকারের সঙ্গে দেশটির বিভিন্ন প্রদেশের রাজনৈতিক নেতা ও কর্মকর্তাদের বৈঠকের আগে আগে এই জোড়া বোমা হামলার ঘটনা ঘটলো। আল-শাবাবের বিরুদ্ধে অভিযান পরিচালনার কৌশল নিয়েই রোববার মোগাদিশুতে বৈঠকটি হওয়ার কথা।

শনিবার বিকাল ৫টার দিকে প্রেসিডেন্ট ভবনের কাছে ‘নাসাহাবলোদ টু’ হোটেলের প্রধান ফটক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়।

তারপর একদল বন্দুকধারী তিনতলা হোটেল ভবনে প্রবেশ করে এবং আরও কয়েকবার বিস্ফোরণ ঘটায়।

এখন পর্যন্ত ২৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহি নূর।

তিনি বলেন, “নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে অন্তত ১২ জন পুলিশ কর্মকর্তা। এছাড়া মাধবী নুনাও নামে এক নারীর শিরশ্ছেদ এবং তার তিন সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে।”

কয়েকজন জঙ্গি হোটেলের অতিথিদের ভিড়ে মিশে গিয়ে পালিয়ে গেছে বলেও ধারণা করছে পুলিশ।

আল শাবাবের পক্ষ থেকে এ হামলায় ৪০ জন নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে, যাদের মধ্যে তাদের তিন সদস্যও রয়েছে।