কুর্দিদের সঙ্গে ২৪ ঘন্টার যুদ্ধবিরতির নির্দেশ আবাদির
কুর্দিস্তান অঞ্চলের সীমান্ত ক্রসিংগুলোতে শান্তিপূর্ণ উপায়ে সৈন্য মোতায়েনের উদ্দেশ্যে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি উত্তর ইরাকে তার বাহিনীগুলোকে কুর্দি বাহিনীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান ২৪ ঘণ্টা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
এর আগে কুর্দিদের এক মুখপাত্রও রয়টার্সকে বাগদাদের সঙ্গে যুদ্ধবিরতির একটি চুক্তিতে উপনীত হওয়ার কথা জানিয়েছিলেন, ১৬ অক্টোবর ইরাকি বাহিনী তেলসমৃদ্ধ কিরকুক দখলে নেওয়ার পর যা ভেঙে পড়েছিল।
গত মাসের শেষ সপ্তাহে কুর্দিস্তানে স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের পর আবাদি সামরিক অভিযানের মাধ্যমে কিরকুক এবং কুর্দি অধ্যুষিত অন্যান্য অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত নেন; মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াইয়ের সময় ওই এলাকাগুলো কুর্দি পেশমেরগা বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়।
১৬ অক্টোবর এক আচমকা অভিযানে কিরকুকের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাগদাদ; এরপর ফিশ-খাবুরসহ কুর্দিস্তানের রাজধানী ইরবিলের দক্ষিণ দিকের বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেতে ইরাকের বাহিনীর ওপর আক্রমণ জোরদার করে পেশমেরগা। সেই থেকে চলা যুদ্ধে এরই মধ্যে দুইপক্ষে বেশ কিছু হতাহতেরও ঘটনা ঘটেছে।
যুদ্ধবিরতির নির্দেশ দিয়ে এক বিবৃতিতে আবাদি বলেন, “২৪ ঘণ্টার এই সাময়িক বিরতিতে ফিশ-খাবুর ও আন্তর্জাতিক সীমানাসহ বিরোধপূর্ণ এলাকাগুলোতে ইরাকের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে জয়েন্ট টেকনিকাল কমিটির কাজ কার উচিত। এটি একই দেশের সন্তানদের মধ্যে চলমান রক্তক্ষয় কমাতেও ভূমিকা রাখবে।”
রয়টার্স বলছে, ইরাকের প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে থাকা ওই সীমান্ত ক্রসিংগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে চান, যেগুলো এখন কুর্দিদের নিয়ন্ত্রণে। ফিশ-খাবুর এলাকাটি দুপক্ষের কাছেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, এই এলাকার সীমানা দিয়েই পাইপলাইনের মাধ্যমে ইরাক ও কুর্দিস্তানের অপরিশোধিত তেল তুরস্কে যায়।
বুধবার কুর্দিস্তানের আঞ্চলিক সরকার গণভোটের ফল বাস্তবায়ন স্থগিত রেখে বাগদাদের সঙ্গে ইরাকের সংবিধান অনুযায়ী আলোচনা ও যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। আবাদি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলেও বাকিগুলো প্রত্যাখ্যান করেন।
কুর্দিস্তানের আঞ্চলিক সরকার (কেআরজি) পরে জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ১টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।
“যুদ্ধবিরতি চলছে,” বলেন কেআরজির প্রেসিডেন্ট মাসুদ বারজানির গণমাধ্যম দপ্তরের পরিচালক ভাহাল আলি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন ফোনে ইরাকি প্রধানমন্ত্রী আবাদিকে দুইপক্ষের মধ্যে আলোচনা শুরুর অনুরোধ জানিয়েছেন বলে শুক্রবার সকালে এক বিবৃতিতে জানায় ইরাকের কেন্দ্রীয় সরকার।
যুক্তরাষ্ট্র শুরু থেকেই সব পক্ষকে ধৈর্যধারণে অনুরোধ করছে। নিজেদের মধ্যে বিবাদ বাদ দিয়ে আইএসবিরোধী লড়াইয়ে মনোযোগ কেন্দ্রীভূত করতেও অনুরোধ জানিয়ে আসছে তারা।
২০১৪ সালের মাঝামাঝি মসুল থেকে খিলাফত ঘোষণা করা আবু বকর আল-বাগদাদির একটি অডিও টেপও গত মাসের শেষ দিকে প্রকাশ করে আইএস। অডিওতে যুদ্ধে পিছিয়ে পড়ার পরও অনুসারীদের তা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন বাগদাদি।
