২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্ত ভূমি হিসেবেই পরিচিত হবে কাতালুনিয়া: পুজদেমন

কাতালুনিয়ার পার্লামেন্ট বিলুপ্ত করে দুই মাসের মধ্যে সেখানে নতুন নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2017, 12:50 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

শুক্রবার কাতালান পার্লামেন্টে ৭০-১০ ভোটে স্বাধীনতার ঘোষণা পাস হয়; এর ঘণ্টাখানেকের মধ্যেই স্পেনের সিনেট কাতালুনিয়াকে কেন্দ্রের শাসনে আনতে মন্ত্রিসভার প্রস্তাবে অনুমোদন দেয়।

পরে এক জরুরি বৈঠকে বসে রাখয়ের মন্ত্রিসভা। সেখান থেকেই কাতালুনিয়ার পার্লামেন্ট বিলুপ্ত করে ২১ ডিসেম্বর অঞ্চলটিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় বলে বিবিসি জানিয়েছে।

কাতালান আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন ও তার মন্ত্রিসভাকেও বরখাস্ত করেন স্পেনিশ প্রধানমন্ত্রী। কোপ পড়ে কাতালান পুলিশ প্রধানের ওপরও; তাকেও বরখাস্ত করার ঘোষণা আসে।

স্বায়ত্তশাসিত অঞ্চলটির ‘পরিস্থিতি স্বাভাবিক করতে’ স্পেন এ পদক্ষেপগুলো নিচ্ছে বলে মন্তব্য রাখয়ের।

“প্রেসিডেন্টের (কার্লেস পুজদেমন) হাতে সুযোগ ছিল বৈধ পথে ফিরে আসার এবং নতুন নির্বাচন ঘোষণার। এটাই ছিল কাতালুনিয়ার সিংহভাগ মানুষের চাওয়া। তিনি এটা করতে চাননি। তাই স্পেনের সরকার তাদের বৈধ পথে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে,” বলেন রাখয়।

মাদ্রিদ সরকারের এসব সিদ্ধান্ত সত্বেও টুইটারে দেওয়া এক বার্তায় স্বাধীনতার ঘোষণায় অটল থাকতে কাতালানবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পুজদেমন।

“ভবিষ্যতেও সঙ্কটের কিংবা উদযাপনের মুহূর্তগুলোতে এখনকার মতো মুক্ত ভূমি হিসেবেই পরিচিত হবে কাতালুনিয়া,” বলেছেন তিনি।

বিশ্লেষকদের আশঙ্কা, নির্বাচন দিলেও কাতালুনিয়ার সঙ্কট সহজে মিটবে না।নতুন নির্বাচনের পর পার্লামেন্টে স্বাধীনতাপন্থিদের সংখ্যা আগের তুলনায় বেশি দেখা যাবে বলেও ধারণা করছেন তারা। 

আঞ্চলিক পুলিশ ও সরকারি কর্মকর্তাদের অনেকেই স্বাধীনতার পক্ষে থাকায় কাতালান প্রশাসনের নিয়ন্ত্রণ নিতে স্পেন সরকারের নেওয়া পদক্ষেপগুলো আদৌ কার্যকর হবে কি না তা নিয়েও আছে সংশয়।

পার্লামেন্টে ভোটের পর স্বাধীনতাপন্থিদের প্রধান নাগরিক সংগঠন কাতালান ন্যাশনাল অ্যাসেম্বলি সরকারি কর্মকর্তাদের স্পেন সরকারের দেওয়া নির্দেশ না মানতে আহ্বান জানিয়েছে; বলেছে, ‘শান্তিপূর্ণ প্রতিবন্ধকতা’ সৃষ্টি করতে।

“সামনের দিনগুলোতে উত্তেজনা তুঙ্গে উঠতে পারে। স্পেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ কাতালান মন্ত্রীদের তাদের দপ্তর থেকে সরিয়ে দিতে চেষ্টা করলে স্বাধীনতাপন্থিরা বাধা দিতে পারে। বাড়তে পারে পুলিশের সঙ্গে সাধারণের রক্তক্ষয়ী সহিংসতার সম্ভাবনা,” বলেন বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান টেনিও-র  গোয়েন্দা তথ্য বিভাগের অ্যান্টনিও বারোসো।

বার্সেলোনার ৩২ বছর বয়সী প্রকৌশলী জোর্ডি মারসেডের চোখে মুখেও তাই আনন্দের পাশাপাশি দেখা গেছে দুশ্চিন্তার কালো মেঘ।  কাতালান পার্লামেন্টে স্বাধীনতার ঘোষণা শুনে বন্ধুদের সঙ্গে নেচে গেয়ে তা উদযাপন করছিলেন,  ঘণ্টাখানেক পর রাখয়ের ঘোষণার পর যা অনেকটাই চুপসে গেছে।

“এটা ঐতিহাসিক এক দিন, তবে আমরা অনেকে এও জানি যে, আমরা এখনো স্বাধীন নই। তাদের বাহিনী আছে। স্বাধীনতার ঘোষণায় আমরা গর্বিত, যদিও আমরা জানি এটা এখনো চূড়ান্ত নয়,” বলেন জোর্ডি।

৪৪ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনিকা সানজ বলছেন, স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়া ছাড়া কাতালানদের সামনে আর কোনো পথও খোলা ছিল না।

“আমরা শান্তিপূর্ণ উপায়ে সব করেছি; মধ্যপন্থি সাধারণ মানুষরাও আজ এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছে, স্পেনের সঙ্গে যে কোনো ধরনের সমঝোতা সম্ভব নয় তা নিশ্চিত হয়েছি সবাই,” বলেন তিনি।

গলায় পেঁচানো কাতালান স্বাধীনতাপতাকা নিয়ে খানিক পরপরই উল্লাস করছিলেন মনিকা; তার সঙ্গে আরও কয়েক হাজার স্বাধীনতাপন্থিরা এদিন সারাদিন ছিলেন বার্সেলোনার কাতালান পার্লামেন্টের আশপাশে।

পার্লামেন্ট অধিবেশন শুরু হওয়ার পর থেকেই তারা স্লোগান দিচ্ছিলেন ‘স্বাধীনতা, স্বাধীনতা’ বলে, গাইছিলেন কাতালান ঐতিহ্যবাহী সব গান। ভোটের ফল ঘোষণার পর উল্লাস ছড়িয়ে পড়ে সর্বত্র। যার রেশ ছিল শেষ পর্যন্ত, যখন একে একে কার্লেস পুজদেমন এবং তার পার্লামেন্টের সদস্যরা বাইরে বেরিয়ে আসছিলেন।

ততক্ষণে স্পেন সরকার কাতালুনিয়ার পার্লামেন্ট বিলুপ্ত করে দিয়েছে; বরখাস্ত করা হয়েছে পুজদেমন ও তার মন্ত্রিসভার সদস্যদের।  উৎফুল্ল হাজারো স্বাধীনতাপন্থি আন্দোলনকারী পুজদেমনকে ‘প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করতে থাকেন। এসময় বিভিন্ন এলাকা থেকে আসা মেয়ররা তাদের ‘সিরিমনিয়াল ব্যাটন’ গুলো উর্ধ্বে তুলে ধরেন এবং গাইতে থাকেন কাতালান জাতীয় সঙ্গীত।