তাজমহলের কাছে সুইস পর্যটক যুগলের ওপর হামলা
ভারতে জনপ্রিয় পর্যটন কেন্দ্র আগ্রার তাজমহলের কাছে ফাতেহপুর সিক্রিতে আক্রমণের শিকার হয়েছেন দুই সুইস পর্যটক।
এক উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিবিসি কে জানিয়েছে, কোয়েন্টিন জেরেমি ক্লার্ক ও তার বান্ধবী ম্যারি দ্রজ গত রোববার কথা কাটাকাটির এক পর্যায়ে চার দুর্বৃত্তের হামলায় আহত হন।
মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ক্লার্ক এবং হাত ভেঙে গেছে দ্রজের৷ তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন৷
এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
ক্লার্ক ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ কে জানান, হামলাকারীরা তাদের পথ রোধ করে জোর করে সেলফি তুলতে শুরু করলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়।
তাজমহল দেখা শেষে ওই যুগল ২৭ কিলোমিটার দূরের জনপ্রিয় পর্যটন এলাকা ফতেহপুর সিক্রির রেলস্টেশনের কাছে যাওয়ার পর এ ঘটনা ঘটে। সেখানে ওই চার ব্যক্তি তাদের উত্যক্ত করা শুরু করে।
ওই লোকগুলো তাদেরকে এক ঘন্টা ধরে অনুসরণ করে, পথ রোধ করে কথা বলে এমনকি জোর করে সেলফিও তোলে। এক পর্যায়ে তারা লাঠি নিয়ে সুইস যুগলের ওপর হামলা করে।
আগ্রার পুলিশ সুপারিটেনডেন্ট অমিত পাঠক বলেছেন, সন্দেহভাজনদের চিহ্নিত করা হয়েছে। তাদেরকে শিগগিরিই গ্রেপ্তার করা হবে।
তিনি জানান, ওই যুগল কোনো মামলা দায়ের করেননি। এরপরও মামলা রুজু করা হয়েছে। আর তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনা ভারতে বিদেশিদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৃহস্পতিবার উত্তর প্রদেশ সরকারকে এ বিষয়ে রিপোর্ট পেশ করার জরুরি নির্দেশ দিয়েছেন।
