আইনস্টাইনের সুখতত্ত্বের দাম ১৫ লাখ ডলার
সুখের ধারণা আপেক্ষিক হতে পারে, কিন্তু সুখ নিয়ে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের তত্ত্বের দাম নেহাত কম নয়।
কী করলে জীবনে সুখ আসতে পারে- সেই উপদেশ দিয়ে অপেক্ষবাদের প্রবক্তা আইনস্টাইনের লেখা দুই লাইনের দুটো নোট জেরুজালেমে এক নিলামে বিক্রি হয়েছে ১৫ লাখ ৬০ হাজার ডলারে।
এক প্রতিবেদনে বিবিসি লিখেছে, নোবেল বিজয়ী এই জার্মান বিজ্ঞানী ১৯২২ সালে টোকিও সফরের সময় হোটেলে এক বেলবয়কে বখশিশের বদলে নিজের সইসহ ওই নোট দুটো দেন।
সেই বেলবয়কে তিনি বলেছিলেন, কপালে থাকলে এই নোটই একদিন অনেক দাম পাবে।
আইনস্টাইন তার নিজের জীবন পার করেছেন বিজ্ঞানের সাধনায়। কিন্তু ওই নোটে তিনি লিখেছেন, দীর্ঘদিনের চেষ্টায় কোনো স্বপ্ন পূরণ হলেই যে সুখের দেখা মিলবে, তেমন কোনো নিশ্চয়তা নেই।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, নোবেল পাওয়ার পরের বছর বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়ে টোকিও গিয়েছিলেন আইনস্টাইন। হোটেলের বেলবয় তার ঘরে গিয়েছিলেন ডাকে আসা কিছু একটা পৌঁছে দিতে।
কিন্তু এই পদার্থবিজ্ঞানীর পকেটে সে সময় বখশিশ দেওয়ার মত পয়সা ছিল না। তার বদলে ইমপেরিয়াল হোটেলের প্যাডে নোট লিখে তাতে সই করে তিনি বেলবয়ের হাতে ধরিয়ে দেন।
একটি নোটে জার্মান ভাষায় আইনস্টাইন যা লিখেছেন, তার তর্জমা দাঁড়ায় এরকম- উচ্চাকাঙ্ক্ষার পেছনে ছোটা সদাব্যস্ত জীবনের চেয়ে শান্ত একটা সাদাসিধে জীবন অনেক বেশি সুখ দিতে পারে।
আর দ্বিতীয় নোটে তিনি লিখেছেন সেই পুরনো প্রবাদ- ইচ্ছা থাকিলে উপায় হয়।
জেরুজালেমের ওই অকশন হাউজ জানিয়েছে, যে দামে তারা নিলামের ডাক শুরু করেছিলেন, নোট দুটো বিক্রি হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি দামে।
নিলাম কর্তৃপক্ষ শুধু জানিয়েছে, দুটি নোটের মধ্যে একটির ক্রেতা একজন ইউরোপীয় নাগরিক। নিজেদের পরিচয় তারা গোপনই রাখতে চান।
আর যার কাছ থেকে নোট দুটো এসেছে, তিনি টোকিওয়ার ইমপেরিয়াল হোটেলের সেই বেলবয়ের ভাতিজা।
