২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প মিথ্যাবাদী, অদক্ষ: সিনেটর বব ক্রোকার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘পুরোপুরি মিথ্যাবাদী’ এবং ‘অদক্ষ’ আখ্যা দিয়েছেন সিনেটর বব ক্রোকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2017, 10:47 PM

Updated : 12 Apr 2022, 12:35 AM

টুইটারে দুই রিপাবলিকানের পাল্টাপাল্টি অপমানজনক কথাবার্তার পর ক্রোকার সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প সম্পর্কে ওই মন্তব্য করেন।

তিনি বলেন, ট্রাম্প কেবল মিথ্যাবাদীই নন, তিনি যুক্তরাষ্ট্রের মানহানি করছেন এবং বিশ্বে দেশের অবস্থানকে খেলো করে তুলছেন।

ক্যাপিটলে সিএনএন এর সঙ্গে সাক্ষাৎকারে ক্রোকার বলেন,“অনেক বিষয়েই সত্য বলার ব্যাপারে ট্রাম্পের অনেক সমস্যা আছে।”

মঙ্গলবার কর সংস্কার নিয়ে ট্রাম্পের সঙ্গে সিনেটে বৈঠকের আগেই ক্রোকার এসব কথা বলেন।

ক্রোকারের কথার জবাবে ট্রাম্প টুইটারে তাকে এক হাত নেওয়ার পর সাক্ষাৎকারে ক্রোকার আরও বলেন, “বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক আছে তা ট্রাম্প উদ্দেশ্যমূলকভাবে ভেঙে দিচ্ছেন। যে সম্পর্ক আমাদের জাতির জন্য জরুরি।”

“আমি মনে করি আমাদের জাতির যে মানহানি হয়েছে তার জন্য তিনি (ট্রাম্প) সবচেয়ে বেশী স্মরণীয় হয়ে থাকবেন।”

বব ক্রোকার বর্তমানে সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান। এর আগে তিনি ট্রাম্পের সমর্থক ছিলেন।

২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করার জন্য দুঃখিত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এমনটি আমি আর করব না।”