ইরান প্রশ্নে ট্রাম্পকে সৌদি আরবের সমর্থন
‘ইরান পারমাণবিক চুক্তি মেনে চলছে’ সে সার্টিফিকেট কংগ্রেসকে না দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করেছে সৌদি আরব।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইর মঙ্গলবার লন্ডনে এক সম্মেলনে এ সমর্থনের কথা জানিয়েছেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইরানের পরমাণু চুক্তি মেনে চলার বিষয়টির স্বীকৃতি দিলেও ট্রাম্প এ মাসে তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলোর বিরাগভাজন হয়েছেন।
সৌদি-পররাষ্ট্রমন্ত্রী জুবাইর বলেন, পরমাণু চুক্তিটির ত্রুটিবিচ্যুতি আছে। তাছাড়া, ইরান যে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে এবং জঙ্গি সংগঠনগুলোকে মদদ দিচ্ছে- এ সম্পর্কিত ট্রাম্পের মূল্যায়নের সঙ্গেও তিনি (জুবাইর) একমত।
সৌদি আরব যুক্তরাষ্ট্রের মিত্রদেশ। শিয়া-অধুষ্যিত দেশ ইরানের সঙ্গে সুন্নি-অধুষ্যিত সৌদি আরবের বিরোধ চলে আসছে।
লন্ডন সম্মেলনে জুবাইর বলেন, “(ইরানের আচরণ) গ্রহণযোগ্য নয়। ইরানিদেরকে পরিণতি ভোগ করতে হবে। আর প্রেসিডেন্ট ট্রাম্প সেকথাই বলেছেন। আমরা এটি সমর্থন করি।”
ট্রাম্প ইরানের পারমাণবিক চুক্তি মেনে চলার সার্টিফিকেট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মার্কিন কংগ্রেস দেশটির বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় পাচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত।
২০১৫ সালে ছয় বিশ্বশক্তির দেশের সঙ্গে পারমাণবিক চুক্তির আওতায় তেহরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছিল। ইরান এর বিনিময়ে তাদের পারমাণবিক কর্মসূচি হ্রাস করতে রাজি হয়। এখন সেই নিষেধাজ্ঞাগুলোই আবার আরোপের বিষয়ে কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে।
জুবাইর বলেছেন, ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞাকে সৌদি আরব স্বাগত জানাবে।
আর এ পদক্ষেপে দেরী হলে ইরান এ সময়ের মধ্যেই ‘ডজনখানেক’ পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে বলেও তিনি সতর্ক করেন।
