২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিরকুকের ‘বড় অংশের’ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইরাকি বাহিনীর

দক্ষিণের তেলখনিগুলোসহ কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা কিরকুক শহরের ‘বড় অংশ’নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরাকের সরকারি বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2017, 11:20 AM

Updated : 11 Oct 2022, 02:38 PM

সোমবার সকালে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই দাবি করা হয় বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

অপরদিকে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার (কেআরজি) কিরকুকে তাদের নিয়ন্ত্রিত এলাকা হাতছাড়া হওয়ার খবর অস্বীকার করেছে।

ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি সরকারি বাহিনীকে সাধারণ জনগণ ও কুর্দি পেশমেরগা বাহিনীর সহযোগিতা নিয়ে কিরকুকে নিরাপত্তা প্রতিষ্ঠায় কাজ করতে নির্দেশ দিয়েছেন। 

এরপরই যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত অভিজাত ‘কাউন্টার টেররিজম সার্ভিস, নাইন্থ আর্মারড ডিভিশন ও ফেডারেল পুলিশ’ যুদ্ধছাড়াই কিরকুকের তেলখনি ও কুর্দিদের সামরিক স্থাপনাসহ বড় অংশের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বলে খবরে দাবি করা হয়েছে।

কেআরজির এক নিরাপত্তা কর্মকর্তা এই দাবি অস্বীকার করে বলেছেন, ইরাকি বাহিনী কুর্দি নিয়ন্ত্রিত শহরের কাছাকাছিই আসেনি। কিরকুকের দক্ষিণে থাকা তেলখনিগুলো এবং বিমান ঘাঁটি এখনো পেশমেরগা বাহিনীর নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন তিনি।

শহরটির বাসিন্দারাও জানান, সোমবার পর্যন্ত তারা ইরাকি বাহিনীকে ধারে কাছে দেখেননি, শহরটি এখনো কুর্দি আসাইশ পুলিশের নিয়ন্ত্রণে। তবে সোমবার সকালে শহরটির মধ্যে তরুণ কুর্দি যোদ্ধাদের রাইফেল হাতে ছোটাছুটি করতে দেখা গেছে।

বিভিন্ন এলাকায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছে ইরাকি বাহিনীর পরাজয়ের মুখে ২০১৪ সালে কুর্দিস্তানের কাছের তেলখনিগুলোর সুরক্ষায় কিরকুকে অবস্থান নেয় কুর্দি বাহিনী। তখন থেকেই তারা শিয়া অধ্যুষিত শহরটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

গত মাসে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় গণভোট করে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার। এরপর থেকেই বাগদাদের সঙ্গে তাদের দূরত্ব বাড়তে থাকে।

গণভোটে স্বাধীনতার পক্ষে রায় এলেও ওই ভোটকে অবৈধ দাবি করে বাগদাদের কেন্দ্রীয় সরকার কুর্দিস্তানে বিমান চলাচলে নিষেধাজ্ঞাসহ নানান ধরণের শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করে। তখন থেকেই কিরকুকের তেলখনিগুলো কাদের নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে হিসাবনিকাশ শুরু হয়।

গত সপ্তাহে ইরাকি সরকারি বাহিনী ও কুর্দি পেশমেরগা যোদ্ধারা শহরটিতে নিজ নিজ পক্ষের শক্তি বৃদ্ধি করে।

বিবিসি বলছে, সঙ্কট সমাধানে দুই পক্ষ আলোচনায় বসেছিল রোববার। কিন্তু বাগদাদের চাওয়া অনুযায়ী কেআরজির নেতারা গণভোটের ফল প্রত্যাখ্যান করতে অস্বীকৃতি জানানোর পর সেই আলোচনা ভেস্তে যায়।

এরপরই শিয়া মিলিশিয়াদের নিয়ে ইরাকি বাহিনী কিরকুকের দক্ষিণে অগ্রসর হওয়ার চেষ্টা করে।

সেখানেই কুর্দি পেশমেরগা বাহিনীর সঙ্গে সরকার সমর্থিত শিয়া আধাসামরিক বাহিনী ‘পপুলার মোবিলাইজেশন’-এর গোলা বিনিময় হয় বলে এক কুর্দি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

পেশমেরগা বাহিনী পপুলার মোবিলাইজেশনের দুটি হামলা ফিরিয়ে দিয়েছে এবং তাদের ব্যবহৃত বেশ কয়েকটি হাম্বি সামরিক যান ধ্বংস করে দিয়েছে বলেও দাবি করেন তিনি।

পরে কেআরজি নেতা মাসুদ বারজানির উপদেষ্টা হেমিন হারমানি টুইটারে জানান, তাদের বাহিনী দক্ষিণ কিরকুকের বিমান ঘাঁটির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ ধরে রেখেছে।

হারমানি বলেন, কুর্দি বাহিনী সামরিক বিকল্পের কথা ভাবছে না, তবে শহরের নিয়ন্ত্রণ রক্ষায় তারা প্রস্তুত।

এদিকে কিরকুক থেকে ৫০ মাইল দক্ষিণের শহর তাজ খোরমাতুতে কুর্দি বাহিনী ও শিয়া তুর্কমান গোষ্ঠীর মধ্যেও যুদ্ধের খবর পাওয়া গেলেও হতাহতের সংখ্যা জানা যায়নি।

এর আগে বাগদাদ অভিযোগ করেছিল, কুর্দিস্তানের আঞ্চলিক সরকার কিরকুকে বিদেশি বিশেষ করে তুরস্কের পিকেকে যোদ্ধাদের মোতায়েন করেছে, যা যুদ্ধ ঘোষণার সামিল। কেআরজি এই অভিযোগ অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্র দুই পক্ষকেই ‘উত্তেজনা প্রশমনে’ ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।  পেন্টাগনের এক মুখপাত্র রোববার জানান, তাদের সমর্থন এখনো ঐক্যবদ্ধ ইরাকের প্রতিই।

“আইএসবিরোধী যুদ্ধ থেকে মনোযোগ সরে যেতে পারে এং ইরাকের অস্থিতিশীলতা আরও বাড়তে পারে এমন কর্মকাণ্ড বন্ধের অনুরোধ জানাচ্ছি আমরা। যে কোনো পক্ষের সহিংসতারই বিরোধী আমরা,” বলেন পেন্টাগনের মুখপাত্র লরা সিল।

তেলসমৃদ্ধ কিরকুক নিয়ে ইরাকি বাহিনী ও কুর্দিরা মুখোমুখি অবস্থানে থাকলেও আইএসবিরোধী লড়াইয়ে তারা ঐক্যবদ্ধ ছিল বলে জানিয়েছে রয়টার্স।  সেসময় দুইপক্ষকেই অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছিল যুক্তরাষ্ট্র।