সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ২০
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি হোটেলের প্রবেশপথের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে।
বিবিসি জানায়, মোগাদিশুর সাফারি হোটেলের সামনে শনিবারের এ হামলায় আরও অনেকে আহত হয়েছেন।
বিস্ফোরণের ধাক্কায় হোটেলটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ক্যাপ্টেন মোহাম্মদ হুসাইন রয়টার্সকে বলেন, “এটা ট্রাক বোমা ছিল। এ ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে। সেখানে এখনও আগুন জ্বলছে, যে কারণে হতাহতের প্রকৃত সংখ্যা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।”
বিস্ফোরণে পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে বলে জানান এক প্রত্যক্ষদর্শী।
এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। যদিও জঙ্গি দল আল-শাবাব প্রায়ই সেখানে হামলা চালায়।
