সিরিয়ায় পর্যবেক্ষণ ফাঁড়ি বসাচ্ছে তুরস্ক
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে ঢুকে পড়ে সেখানে পর্যবেক্ষণ ফাঁড়ি বসাচ্ছে তুরস্কের সেনাবাহিনী।
বিশেষত কুর্দি মিলিশিয়াদের নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সেনা মোতায়েন কর্মসূচির আওতায়ই এসব ফাঁড়ি বসানো হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে তুর্কি বাহিনীর জেনারেল স্টাফ।
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ওই অঞ্চলে তুরস্ক প্রায় ৩০ টি সামরিক যানের একটি বহর পাঠিয়েছে বলে জানিয়েছে সেখানকার বিদ্রোহী ও প্রত্যক্ষদর্শীরা।
তুরস্কের সেনাবাহিনীর প্রকাশ করা ভিডিওতে বৃহস্পতিবার রাতেই সামরিক যানগুলোকে অন্ধকারের মধ্যে রওনা হতে দেখা গেছে।
তুরস্ক বলছে, সিরিয়া সরকার ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের রাশ টেনে ধরতে গতমাসে কাজাখস্তানের আস্তানায় রাশিয়া ও ইরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসাবেই তারা তাদের সমর্থক সিরীয় বিদ্রোহীদের সঙ্গে নিয়ে এ অভিযান শুরু করেছে।
রাশিয়া ও ইরানের সঙ্গে হওয়া ওই চুক্তির বিধি-বিধান মেনেই তুরস্ক বাহিনী সিরিয়ায় অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
তবে এ অভিযানের সঙ্গে জড়িত এক ঊর্ধ্বতন বিদ্রোহী কর্মকর্তা বলেছেন, সিরিয়ার ইদলিবে তুরস্কের অবস্থান নেওয়ার আরেকটি অভিপ্রায় হচ্ছে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদেরকে নিয়ন্ত্রণ করা।
