২০১৮’র নভেম্বরে জাতীয় নির্বাচনের ঘোষণা থাই জান্তার
প্রথমবারের মত সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে থাইল্যান্ডের সামরিক জান্তা সরকার। ২০১৮ সালের নভেম্বরে এ নির্বাচন হবে বলে জানিয়েছেন জান্তা নেতা ও প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা।
তবে ভোট অনুষ্ঠানের তারিখ আগামী বছর জুনেই ঘোষণা করা হবে বলে জানান তিনি। ব্যাংককে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জুন নাগাদ আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব। নভেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে।”
দুর্নীতির অভিযোগে ইংলাক সিনাওয়াত্রাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে ২০১৪ সালে থাইল্যান্ডের ক্ষমতায় আসেন ওচা। তারপর থেকে এর আগেও দুইবার নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু প্রতিবারই তা পিছিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা ও সংবিধান সংশোধনের অজুহাতে।
গত এপ্রিলে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন সেনা সমর্থিত সংবিধানে সই করেন। এতে করে সামরিক সরকার প্রতিশ্রুত গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
নতুন সংবিধানে প্রধান থাই রাজনৈতিক দলগুলোর প্রভাব কমানোর ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনীর ভূমিকাকে শক্তিশালী করতেই এটি করা হয়েছে বলে সমালোচকদের অভিমত।
গত বছর ১৩ অক্টোবর থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজ মারা যান, যাকে দেশবাসী জাতির পিতা বলে সম্মান করেন। তার মৃত্যুর পর একবছর শোক পালনের ঘোষণা দেয়া হয়। আদুলিয়াদেজের প্রথম মৃত্যুবার্ষিকী পালনের পর ধীরে ধীরে থাইল্যান্ডে রাজনৈতিক কার্যক্রম আবারও শুরু হবে বলেই আশা করছেন বিশ্লেষকরা
বিশ্লেষকদের একজন কান ইউয়েনইয়ং বলেন, “প্রায়ুথ নির্বাচন পিছিয়ে দিতেই চান। কিন্তু তিনিও জানেন, রাজার সৎকারের পর জাতীয় নির্বাচনের জন্য তার উপর চাপ বাড়বে। ওই চাপ কমাতেই আগামী বছর নভেম্বরে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে। কারণ তা না করলে নির্বাচন অনুষ্ঠানের চাপ আন্দোলনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে।”
