টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ে ছাত্রের গুলিতে পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লুবকে অবস্থিত টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবারের এ ঘটনায় সন্দেহভাজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘিরে ফেলে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এক ইমেইলে বিশ্ববিদ্যালয়য়ের মুখপাত্র ক্রিস কুক জানিয়েছেন, ওই দিন ভোররাতে টেক্সাস টেক পুলিশ ছাত্রদের নিরাপত্তা পরিস্থিতি পরীক্ষা করতে যায়। ওই ছাত্রের কাছে মাদক পাওয়ার পর তাকে ক্যাম্পাসের পুলিশ স্টেশনে নিয়ে যান কর্মকর্তারা।
সেখানে গিয়ে ছাত্রটি একটি বন্দুক ছিনিয়ে নিয়ে এক পুলিশ কর্মকর্তার মাথায় গুলি করে দৌঁড়ে পালিয়ে যান। গুলিবিদ্ধ কর্মকর্তা মারা যান।
ওই ছাত্রকে ধরতে পুলিশের সোয়াত টিম পাঠানো হয় বলে টেলিফোনে জানান লুবকের পুলিশ কর্মকর্তা জে. রজার্স।
পরে ওই ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে লুবক পুলিশ। বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
লুবক শহরটি ডালাস শহর থেকে ৪৮৩ কিলোমিটার পশ্চিমে। শহরটিতে দুই লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ বসবাস করে।
