মার্কিন কনস্যুলেট কর্মীকে তলব করেছে তুরস্ক
তুরস্ক কর্তৃপক্ষ গতবছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থান নিয়ে জেরা করার জন্য যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের এক কর্মীকে তলব করেছে।
এর আগে তুরস্কের মার্কিন কনস্যুলেট থেকে এক কর্মকর্তাকে আটক করা হয়। এর মাত্র কয়েকদিনের মাথায় তুরস্ক নতুন এ পদক্ষেপ নিল।
কর্মীটির পরিচয় দেওয়া হয়েছে এন.এম. সি নামে। তাকে তুরস্কে গত বছরের সামরিক অভ্যুত্থান প্রচেষ্টায় তার স্বজনদের জড়িত থাকার অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে তুর্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু।
বার্তা সংস্থাটি জানায়, কনস্যুলেট কর্মীর স্ত্রী এবং মেয়ে কৃষ্ণসাগর তীরবর্তী আমাসিয়া শহরে আটক হওয়ার পর থেকেই তাকে জেরার জন্য খোঁজা হচ্ছিল। তবে ওই ব্যক্তি তলবে সাড়া দিয়েছে কিনা সে ব্যাপারে আনাদোলু কিছু জানায়নি।
সংস্থাটি জানায়, তুর্কি ধর্মগুরু এবং তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত যুক্তরাষ্ট্রে নির্বাসিত ফেতুল্লাহ গুলেনের নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগেই গ্রেপ্তার করা হয় মার্কিন ওই কনস্যুলেট কর্মীর স্ত্রী ও মেয়েকে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পরে তাদেরকে ইস্তাম্বুলে নেওয়া হয়।
ইস্তাম্বুলের কৌঁসুলির কার্যালয় থেকে এক বিবৃতি উদ্ধৃত করে আনদোলু বলেছে, “যুক্তরাষ্ট্রের কনস্যুলেট কর্মী এন.এম. সি’র (জেরার মুখে থাকা সন্দেহভাজনদের স্বামী ও বাবা) কোনও কূটনৈতিক ছাড় নেই। তাকে সাক্ষ্য দিতে কৌঁসুলির কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে।”
ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর থেকেই তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। রোববার যুক্তরাষ্ট্র ও তুরস্ক একে অন্যের দেশে ভ্রমণ ভিসা দেওয়া স্থগিত করেছে।
কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে দু’দেশের মধ্যে সৃষ্ট বিরোধের মধ্যে প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে তুরস্ক ভিসা কার্যক্রম স্থগিত করে।
যুক্তরাষ্ট্র থেকে তুরস্কে যাওয়ার সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করেছে ওয়াশিংটনের তুর্কি দূতাবাস। এর আগে আঙ্কারায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকেও একইভাবে ভিসা স্থগিতের পদক্ষেপ নেওয়া হয়।
