২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে হারিকেন নেইট

হারিকেন নেইটের প্রভাবে যুক্তরাষ্ট্রের গাল্ফ কোস্টে প্রচণ্ড ঝড়ো বাতাস, ব্যাপক বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস শুরু হয়েছে।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2017, 01:45 PM

Updated : 25 Jul 2022, 09:05 PM

শনিবার রাতে ঘন্টায় সর্বোচ্চ ১৩৭ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে লুইজিয়ানা অঙ্গরাজ্যে মিসিসিপি নদীর মোহনার কাছে যুক্তরাষ্ট্রের মূলভূখণ্ডে আঘাত হানে নেইট, জানিয়েছে বিবিসি।

এরপর উত্তর দিকে আরও এগিয়ে গিয়ে হারিকেনটি যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের বিলক্সিতে দ্বিতীয়বারের মতো ভূখণ্ডে আঘাত হানে।

গত মাসে আঘাত হানা ঘূর্ণিঝড় মারিয়া ও আরমার মতো শক্তিশালী না হলেও নেইটের কারণে লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা ও ফ্লোরিডার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ক্রান্তীয় এই ঝড় গত সপ্তাহে নিকারাগুয়া, কোস্টা রিকা ও হন্ডুরাসে তাণ্ডব চালিয়ে অন্তত ২৫ জনের প্রাণ নেয়। পরে এটি আরও শক্তি অর্জন করে সাফির-সিম্পসন স্কেলের ১ মাত্রার হারিকেনে পরিণত হয়ে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যায়।

হারিকেন আঘাত হানার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লুইজিয়ানায় জরুরি অবস্থা জারি করেছেন। এর ফলে রাজ্যটি বিপৎকালীন প্রস্তুতি ও ত্রাণের জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য চাইতে পারবে। 

আলাবামার রিপাবলিকান সিনেটর কে আইভে রাজ্যের বাসিন্দাদের তীব্র বাতাস ও বড় ধরনের ঢেউয়ের আঘাত থেকে বাঁচতে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

সতর্কতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় উপকূলের পাঁচটি বন্দরে নৌযান চলাচলও বন্ধ রাখা হয়েছে।

উপকূল এলাকার তেল ও গ্যাস পরিশোধনাগারগুলোর উৎপাদন বন্ধ করে সেখানে থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার রাত ৩টায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকনে সেন্টারের (এনএইচসির) বুলেটিনে আলাবামা-ফ্লোরিডা সীমান্তের পার্ল নদীর মুখেও ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়। নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস জানিয়েছেন, ন্যাশনাল গার্ডের এক হাজারের বেশি সদস্যকে নিউ অরলিয়ন্সের ড্রেনেজ পাম্প পরিস্থিতি দেখতে পাঠানো হয়েছে।

“নিচু এলাকার দিকে যারাই আছেন, তাদেরকে প্রস্তুত থাকার অনুরোধ জানাচ্ছি,” বলেন তিনি।

নিউ অরলিয়ন্সে শনিবার সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়েছে। শহর রক্ষা বাঁধের বাইরে থাকা বাসিন্দাদের দ্রুত অন্য এলাকায় চলে যেতে বলা হয়েছে।

বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে তীব্র বৃষ্টি, ঝড় ও বন্যার মাধ্যমে সড়কে যান চলাচল বন্ধ করে, সেতু নষ্ট ও ঘরবাড়ি ধ্বংস করে নেইট মধ্য আমেরিকার দেশগুলোর জীবনযাত্রা বিপর্যস্ত করে দিয়েছে।

ঝড়ের কারণে নিকারাগুয়ায় অন্তত ১৩ জন, কোস্টা রিকায় ৮, হন্ডুরাসে ৩ ও এল সালভাদরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দেশগুলোর কয়েক হাজার বাসিন্দা এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন; কোস্টা রিকার প্রায় চার লাখ লোক খাবার পানির সংকটে পড়েছেন।

এনএএইচসি বলছে, লুইজিয়ানায় আঘাত হানার পরপরই ঘূর্ণিঝড় নেইট দূর্বল হয়ে পড়বে। রোববার সকাল নাগাদ এটি ফের ক্রান্তীয় ঝড়ে পরিণত হবে এবং সোমবার দিনের শেষনাগাদ এটি শক্তি হারিয়ে আরও দূর্বল হয়ে পড়বে।