উত্তর কোরিয়ার ক্ষেত্রে ‘একটি জিনিসই কাজ করবে’: ট্রাম্প
আগের প্রশাসনগুলো পিয়ংইয়ংয়ের সঙ্গে কথা বলেও কোনো ফল আনতে পারেনি মন্তব্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে ‘কেবলমাত্র একটি জিনিসই কাজ করবে’।
শনিবার এক টুইটে ট্রাম্প বলেন, “প্রেসিডেন্টরা এবং তাদের প্রশাসনগুলো উত্তর কোরিয়ার সঙ্গে ২৫ বছর ধরে কথা বলছে; সমঝোতা হয়েছে এবং প্রচুর অর্থও পরিশোধ করা হয়েছে। কিন্তু কিছুই কাজ করেনি, কলমের কালি শুকিয়ে যাওয়ার আগেই সমঝোতা লঙ্ঘন করে মার্কিন মধ্যস্থতাকারীদের বোকা বানানো হয়েছে। দুঃখিত, কিন্তু একমাত্র একটি জিনিসই কাজ করবে।”
‘একটি মাত্র জিনিস কাজ করবে’ বলে কী বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার করেননি ট্রাম্প, তবে তার মন্তব্যে সামরিক পদক্ষেপের বিষয়টিই তার মনে আছে, এমন ধারণা পাওয়া যাচ্ছে বলে মন্তব্য বার্তা সংস্থা রয়টার্সের।
ট্রাম্প এর আগে বলেছিলেন, পিয়ংইয়ংয়ের পারমাণবিক হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের রক্ষা করতে প্রয়োজন পড়লে উত্তর কোরিয়াকে ‘পুরোপুরি ধ্বংস’ করে দেওয়া হবে।
চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা ও তাদের স্ত্রীদের সঙ্গে এক বৈঠকের সময়ও ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, পরিস্থিতি এখন ‘ঝড়ের আগের শান্ত সময়ের মত’।
কি নিয়ে এমন মন্তব্য জানতে চাইলে ট্রাম্পের উত্তর, “আপনারা দেখতে পাবেন।”
পরদিন হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, ইরান ও উত্তর কোরিয়া নিয়েই প্রেসিডেন্টের ওই মন্তব্য।
শনিবারের টুইট নিয়ে কিছু বলতে রাজি হননি স্যান্ডার্স। নর্থ ক্যারোলাইনা ভ্রমণে যাওয়ার আগে সাংবাদিকরা জিজ্ঞেস করলে ট্রাম্পও বলেন, এর চেয়ে স্পষ্ট করার কিছু নেই।
একই বিষয়ে জানতে চাইলে পেন্টাগন বলে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ‘প্রেসিডেন্টের কাছে সামরিক বিকল্প তুলে ধরা ও তার নির্দেশ বাস্তবায়ন করা।’
পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় ট্রাম্প যে আগ্রহী নন, তা এর আগেও বোঝা গেছে। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা চলছে জানানোর একদিন পর ট্রাম্প একে ‘সময় নষ্ট’ হিসেবে অভিহিত করেন।
শনিবার ট্রাম্প টিলারসনের সঙ্গে কিছু বিষয়ে তার ‘মতদ্বৈততা’র কথা জানান।
“আমাদের মধ্যে সম্পর্ক চমৎকার। কয়েকটি বিষয়ে আমাদের মতভিন্নতা আছে। কখনো কখনো আমি তাকে আরও কঠোর হিসেবে দেখতে চাই, এর বাইরে আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক,” বলেন তিনি।
