লন্ডনে ফুটপাতে গাড়ি, পথচারী আহত
লন্ডনের একটি জাদুঘরের কাছে ফুটপাতে উঠে যাওয়া গাড়ির ধাক্কায় কয়েকজন পথচারী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বিবিসি জানায়, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে সাউথ কেনসিংটনের নেচারাল হিস্ট্রি মিউজিয়ামের কাছে এক্সিবিশন রোডে এ ঘটনা ঘটে।
তবে পথচারীদের আঘাত গুরুতর নয় বলে বিবিসিকে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, “প্রধানমন্ত্রী টেরিজা মে এ ঘটনার খবর রাখছেন।”
সম্প্রতি যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার ঘটনা অনেক বেড়ে যাওয়ায় দেশজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের একজন বিবিসিকে বলেন, “আমরা সিগন্যাল বাতির অপেক্ষায় ছিলাম। হঠাৎ প্রচণ্ড জোরে শব্দ শুনতে পাই। আমি ভেবেছিলাম গুলির আওয়াজ, পরে দেখলাম একটি গাড়ি ফুটপাতের উপর দিয়ে চলছে। আমরা দৌড়াতে শুরু করি, আমার বন্ধু মাটিতে ডাইভ দিয়ে হাত কেটে ফেলেছে।”
আরেক প্রত্যক্ষদর্শী বলেন, “পরিস্থিতি শান্ত হয়ে যাওয়ার পর আমরা আবার ঘটনাস্থলে ফিরে যাই। সেখানে গিয়ে দেখি পুলিশ এক ভদ্রলোককে মাটিতে চেপে ধরে আছে।”
