‘নিউ ইয়র্কে হামলার পরিকল্পনা করেছিল আইএস’
গত বছর ইসলামিক স্টেট (আইএস) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে হামলার পরিকল্পনা করেছিল, নিজেদের একজন গুপ্তচরের সহায়তায় ওই হামলা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি করেছে এফবিআই।
হামলা পরিকল্পনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার গ্রেপ্তার তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার পর হামলা পরিকল্পনার বিষয়টি নজরে আসে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
এদিন জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “ওই তিন ব্যক্তি ২০১৬ সালের রমজান মাসে টাইমস স্কয়ার ও নিউ ইয়র্ক সিটির সাবওয়ে সিস্টেমে বোমা বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি কনসার্ট ভেন্যুতে সাধারণ মানুষের উপর বন্দুক হামলার পরিকল্পনা করেছিল।”
“তারা আইএসর নামে ওই হামলা চালাতে চেয়েছিল।”
এফবিআইর কর্মকর্তাদের দাবি, তাদের একজন গুপ্তচর আইএসর সমর্থক সেজে ওই তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে।
গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন কানাডার নাগরিক আব্দুলরহমান এল বাহনাসাউই (১৯), পাকিস্তান বংশোদ্ভূত মার্কিন নাগরিক তালহা হারুন (১৯) এবং ফিলিপিন্সের নাগরিক রাসেল সালিক (৩৭)।
বাহনাসাউইকে গত বছর মে মাসে গ্রেপ্তার করা হয়। গত অক্টোবরে সে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেয় বলে দাবি করেছে পুলিশ।
উভয়কে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় রয়টার্স।
নিউ ইয়র্কের প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়, গত বছর অনলাইনে কথা বলার একটি অ্যাপ (চ্যাট অ্যাপ) ব্যবহার করে ওই ব্যক্তিরা হামলার পরিকল্পনা করেছিল।
আব্দুলরহমান এফবিআইর ওই গুপ্তচরকে টাইমস স্কয়ারের একটি ছবি পাঠিয়ে বলেছিল, “এখানে হামলার জন্য আমাদের একটি গাড়ি বোমা খুবই প্রয়োজন। পরবর্তী নাইন-ইলেভেনের জন্ম দিতে চাই।”
তালহা এফবিআই গুপ্তচরকে বলেছিল, “হামলা চালানোর জন্য সাবওয়ে সবদিক দিয়ে সঠিক স্থান। বন্দুক হামলার পর সেখানে আত্মঘাতী বোমা হামলা চালানো যাবে।”
তালহাকে ‘নিষ্ঠুর সন্ত্রাসী’ বলে বর্ণনা করেন প্রসিকিউটররা।
রাসেল সালিক মূলত অর্থের যোগান দাতা ছিলেন, যাকে ‘দ্য ডক্টর’ ডাকা হত। তিনি হামলার প্রস্তুতির জন্য প্রায় ৪২৩ মার্কিন ডলার পাঠিয়ে ছিলেন এবং আরও অর্থের যোগান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
