২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৪

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2017, 03:17 PM

Updated : 12 Apr 2022, 12:28 AM

শনিবারের এ দুর্ঘটনায় আরো বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা, খবর ডন ডটকমের।

শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত গতির কারণে মাইক্রোবাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসটিকে ধাক্কা দেয়।

হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ জানিয়েছেন, দুর্ঘটনাটিতে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

আহতদের কোয়েটার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।

আহতদের মধ্যে ছয়জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

বলা হয়, বেহাল সড়ক, রক্ষণাবেক্ষণের অভাব এবং বেপরোয়া গাড়ি চালনাই পাকিস্তানের সড়ক দুর্ঘটনাগুলোর প্রধান কারণ।

২০১১ সালের পর থেকে দেশটিতে প্রতি বছর প্রায় নয় হাজার সড়ক দুর্ঘটনার অভিযোগ পেয়ে আসছে পুলিশ। এসব দুর্ঘটনায় প্রতি বছর গড়ে চার হাজার ৫০০ লোকের মৃত্যু হয়েছে বলে পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরোর (পিবিএস) তথ্যে জানা গেছে।