কাতালুনিয়ার স্বাধীনতার উদ্যোগ আটকে দিল স্পেনের আদালত
কাতালান পার্লামেন্টে স্বাধীনতা ঘোষণার উদ্যোগ নিতে সোমবার আয়োজিত অধিবেশনের ওপর স্থগিতাদেশ দিয়েছে স্পেনের সাংবিধানিক আদালত।
বিবিসি জানায়, এ ধরনের উদ্যোগ ‘সংবিধানের লঙ্ঘন’ বলে আদালত অভিহিত করেছে।
এর আগে রোববার কাতালুনিয়ার স্বাধীনতার পর স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় আঞ্চলিক সরকারকে এর বিরুদ্ধে সতর্ক করেছিলেন।
তবে সে সতর্কবার্তা অগ্রাহ্য করেই কাতালান নেতা কার্লেস পুজদেমন চলতি সপ্তাহ শেষে বা আগামী সপ্তাহের শুরুতে স্বাধীনতা ঘোষণার পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।
কিন্তু বৃহস্পতিবার আদালত মাদ্রিদ সরকার এবং স্পেন থেকে বিচ্ছিন্নতাবিরোধী কাতালুনিয়া স্যোশালিস্ট পার্টির পক্ষেই রায় দিয়েছে।
রায়ে আদালত বলেছে, আঞ্চলিক সরকারকে পার্লামেন্টে অধিবেশন করতে এবং স্বাধীনতা ঘোষণা করতে দিলে এতে দলের এমপি’দের অধিকার ক্ষুন্ন হবে।
রোবারের গণভোট বন্ধে আদালতের এর আগে দেওয়া একটি রায় উপেক্ষা করেছিলেন কাতালুনিয়ার নেতারা। স্পেন সরকার এ ভোটকে অবৈধ বলে নিন্দা করে আদালতে চ্যালেঞ্জ জানিয়েছিল।
কাতালুনিয়ার কর্মকর্তারা গণভোটে স্বাধীনতার পক্ষে প্রায় ৯০ শতাংশ ভোট পড়েছে দাবি করলেও এখনও পর্যন্ত ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেনি। গণভোটে ৪২ শতাংশ মানুষ ভোট দিয়েছে বলে হিসাব করা হয়েছে।
স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালুনিয়া সোমবারই স্পেন থেকে আলাদা হতে স্বাধীনতা ঘোষণার উদ্যোগ নেবে বলে গত ৪ সেপ্টেম্বরে জানান অঞ্চলটির এক সরকারি কর্মকর্তা।
তিনি জানিয়েছিলেন, “আঞ্চলিক পার্লামেন্টের নিয়ন্ত্রক স্বাধীনতাপন্থি দলগুলো ওইদিন স্বাধীনতা ঘোষণা করা নিয়ে একটি বিতর্ক ও ভোট অনুষ্ঠানের আহ্বান করেছে। এ ভোটের পরই স্বাধীনতা ঘোষণা করা হবে।”
তার এ বক্তব্যের পরই স্পেনের সাংবিধানিক আদালত এ প্রচেষ্টা রুখে দাঁড়াল।
