আইএসের কবল থেকে হাওয়াইজা পুনরুদ্ধার ইরাকি বাহিনীর
উত্তর ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শেষ শক্তিকেন্দ্র হাওয়াইজা শহর ও এর আশপাশের আইএস-নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধার করেছে ইরাকি বাহিনী।
বৃহস্পতিবার এক বিবৃতিতে হাওয়াইজায় জয় পাওয়ার কথা জানিয়েছে ইরাকের সামরিক বাহিনী।
ইরাকের পশ্চিম সীমান্তের পাশে বিস্তীর্ণ এলাকাটিতে এই একটি শহরই আইএসের নিয়ন্ত্রণে ছিল। শহরটি ইরাকের তেল সমৃদ্ধ শহর কিরকুকের নিকটবর্তী।
যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি সরকারি সেনারা এবং ইরানের প্রশিক্ষণে ও অস্ত্রে সজ্জিত ‘পপুলার মোবিলাইজেশন’ নামের ইরাকি শিয়াদের বেসামরিক বাহিনীগুলো হাওয়াইজা অভিযানে অংশ নেয়।
জয়েন্ট অপারেশন্স কমান্ডার লে. জেনারেল আব্দুল আমীর রাশীদ ইয়ারাল্লাহ এক বিবৃতিতে বলেন, “সেনাবাহিনীর নবম আর্মাড ডিভিশন, ফেডারেল পুলিশ, ইমার্জেন্সি রেসপন্স ডিভিশন এবং পপুলার মোবিলাইজেশন হাওয়াইজাকে মুক্ত করেছে।”
রাজধানী বাগদাদের উত্তরের এই এলাকাটি থেকে আইএসকে হটাতে ২১ সেপ্টেম্বর অভিযান শুরু করেছিল ইরাকি বাহিনীগুলো। তারপর থেকে ওই এলাকায় ৭৮ হাজার মানুষ আটকা পড়েছিল বলে জানিয়েছে জাতিসংঘ।
আইএসের জঙ্গিরা এখনও ইরাকের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর আল কায়িম ও এর আশপাশের এলাকাগুলো নিয়ন্ত্রণ করছে। তারা সীমান্তের অপর পাশে সিরিয়ার কিছু অংশের নিয়ন্ত্রণও ধরে রেখেছে।
কিন্তু দুটি পৃথক বাহিনীর অভিযানের মুখে তাদের নিয়ন্ত্রিত এলাকা ক্রমশ সঙ্কুচিত হয়ে আসছে। এ দুটি বাহিনীর একটি হচ্ছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন বাহিনী ও অপরটি সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র বিদেশি শিয়া বেসামরিক বাহিনী, যাদের সমর্থন দিচ্ছে ইরান ও রাশিয়া।
ইরাক-সিরিয়া সীমান্তের দুপাশজুড়ে আইএসের ‘খিলাফত’ কার্যত জুলাই মাসেই ধসে পড়েছে, যখন যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকি বাহিনীগুলো মসুল পুনরুদ্ধার করে। নয় মাসের কঠোর লড়াইয়ের পর ইরাকি বাহিনীর পক্ষে মসুল পুনরুদ্ধার সম্ভব হয়েছিল।
