লাস ভেগাস হত্যাকাণ্ড: কারণ খুঁজছে পুলিশ
কি কারণে লাস ভেগাসের কনসার্টে গুলি চালানো হয়েছে তার কারণ খুঁজছে পুলিশ।
রোববার রাতে ম্যান্ডাল বে হোটেলের ৩২ তলা থেকে সামনে অনুষ্ঠিত কনসার্টে ৬৪ বছর বয়সী স্টিফেন প্যাডকের নির্বিচার গুলিতে ৫৯ জন নিহত ও অন্তত ৫২৭ জন আহত হয়েছেন।
বন্দুকধারীর হোটেল ঘর থেকে পুলিশ ২৩টি বন্দুক উদ্ধার করেছে বলে খবর বিবিসির, নেভাদার বাড়িতে মিলেছে ১৯টি শক্তিশালী আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক।
যদিও ঠিক কি কারণে এই হত্যাকাণ্ড তা স্পষ্ট হচ্ছে না। মধ্যপ্রাচ্য বিষয়ক জঙ্গি সংগঠন আইএস দায় স্বীকার করলেও তদন্ত কর্মকর্তারা এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র পান নি।
কোনো কোনো তদন্তকারী হামলাকারীর মানসিক অসুস্থতা সম্বন্ধে ধারণা দিলেও এই বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
বন্দুকধারীকে পুলিশ আগে থেকে চিনতো না বলেও জানিয়েছে বিবিসি।
সোমবার হোয়াইট হাউজ থেকে দেয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ এই হত্যাকাণ্ডের ঘটনাকে ‘খাঁটি শয়তানি’ আখ্যা দিয়েছেন।
খুনি প্যাডকের গাড়িতে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়ার কথা জানিয়েছে পুলিশ, টেনেরাইটে তার বাড়িতে মিলেছে বিস্ফোরক।
লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের শেরিফ জোসেফ লম্বার্ডো জানান, উত্তর নেভাদায় আরও একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বুবি-ট্র্যাপ উদ্ধার করেছে।
লাস ভেগাসের বন্দুকের দোকান নিউ ফ্রন্টিয়ার আরমারির মালিক ডেভিড ফামিগ্লিয়েত্তি বলেছেন, গত বসন্তে তার দোকান থেকে অস্ত্র কিনেছিলেন প্যাডক। রাজ্যের সব নিয়ম মেনে এবং এফবিআইয়ের ছাড়পত্র পাওয়ার পরই তার কাছে অস্ত্র বিক্রি করেন তিনি।
অবশ্য কনসার্টে হামলার সময় ধারণ করা ভিডিওতে যে ধরনের গুলির শব্দ পাওয়া গেছে, তা প্যাডকের কেনা ওই শটগান ও রাইফেলের কি না সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ফামিগ্লিয়েত্তি। তার ধারণা, প্যাডক ওইসব অস্ত্রে গঠনগত পরিবর্তন এনে থাকতে পারেন।
জোসেফ লম্বার্ডোর মতে গুলির ঘটনার সঙ্গে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ‘লোন উলফ’রা যে হামলা চালাচ্ছে তার মিল পাওয়া যাচ্ছে।
আইএসের পক্ষে দাবি তোলা হয়েছে, এক মাস আগে প্যাডক ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অন্যদিকে এফবিআইয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, বিদেশি কোনো সন্ত্রাসী দলের সঙ্গে প্যাডকের যোগাযোগের কোনো প্রমাণ মেলেনি।
এক সংবাদ সম্মেলনে এফবিআইয়ের স্পেশাল এজেন্ট অ্যারন রোজ বলেন, “এই ঘটনার সঙ্গে আর্ন্তজাতিক সন্ত্রাসবাদের যে কোনো যোগসূত্র নেই, সে বিষয়ে আমরা নিশ্চিত।”
বিবিসির হয়ে ইসলামি উগ্রপন্থিদের খোঁজখবর নেয়া সাংবাদিক মিনা আল-লামি বলেছেন, হত্যাকারীর আত্মহত্যা ‘ইসলামবিরোধী’ হওয়ায় লাস ভেগাস হত্যাকাণ্ডের দায় স্বীকার করে দেওয়া আইএসের বিবৃতি ‘খুব অস্বাভাবিক’।
রোববার ছুটির রাতে ম্যান্ডালে বে ক্যাসিনোর পাশে উন্মুক্ত চত্বরে রুট নাইনটি ওয়ান হারভেস্ট কনসার্ট চলাকালে এই গুলির ঘটনাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ‘মাস শুটিং’ হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
লাস ভেগাসে এই কান্ট্রি মিউজিক ফেস্টিভ্যাল চলছিল গত শুক্রবার থেকে। রোববার মধ্যরাতে যখন এই গুলির ঘটনা ঘটে, সে সময় মঞ্চে গাইছিলেন জেসন আলডিন। গান শুরুর পরপরই গুলির শব্দের মধ্যে থমকে যেতে হয় তাকে এবং তার দলকে।
নিহতের মধ্যে কানাডার এক নাগরিকের পরিচয় পাওয়া গেছে বলে সিবিসি নিউজের খবর। জর্ডান ম্যাকলডুন নামের ২৩ বছর বয়সী ওই যুবক ব্রিটিশ কলম্বিয়ায় থাকতো।
দ্য জ্যাকসন সান নিউজপেপার নিহত আরেকজনের নাম সনি মেলটন বলে জানিয়েছে। টেনেসির বিগ স্যান্ডি এলাকার বাসিন্দা সনি নার্সে কাজ করতেন।
নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন বলে জানিয়েছে বিবিসি, যদিও তিনি সেসময় কর্তব্যরত ছিলেন না।
যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে অস্ত্র আইন সবচেয়ে শিথিল নেভাডায়। নাগরিকরা সেখানে অস্ত্র বহন করতে পারে এবং অস্ত্রের মালিক হিসেবে তাদের নিবন্ধনও নিতে হয় না।
দোকান থেকে অস্ত্র কেনার সময় ক্রেতার তথ্য যাচাইয়ের ব্যবস্থা থাকলেও সেই ক্রেতা আবার অন্যের কাছে অস্ত্রবিক্রি করে দিতে পারেন। অ্যাসল্ট রাইফেলের মত স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় অস্ত্র বিক্রির ওপর সেখানে কোনো নিষেধাজ্ঞা নেই এবং গুলি কেনার ক্ষেত্রেও কোনো সীমা বেঁধে দেওয়া নেই।
ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র কংগ্রেসের সদস্য গেব্রিয়েল গিফর্ডস অস্ত্র আইন আরও কঠিন করতে ওয়াশিংটনের রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ছয় বছর আগে এরকমই এক গোলাগুলিতে বেঁচে যান গিফর্ড। কংগ্রেস ভবনের সামনে তার স্বামী মার্ক কেলি এক যৌথ বিবৃতিতে বলেন, হতাহতদের নিয়ে হোয়াইট হাউজের চিন্তা ও প্রার্থনাই পরবর্তী হত্যাকাণ্ড ঠেকাতে যথেষ্ট নয়।
গতবছর ১২ জুন ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামীদের একটি নৈশক্লাবে গুলি চালিয়ে ৪৯ জনকে হত্যা করে এক যুবক। এতদিন পর্যন্ত সেটাই ছিল যুক্তরাষ্ট্রে গুলি করে হত্যার সবচেয়ে বড় ঘটনা, যার দায় স্বীকার করেছিল আইএস।
