২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে রেলস্টেশনে ছুরি হামলা, নিহত ২

ফ্রান্সের মার্সেই শহরের প্রধান রেলস্টেশনে এক ব্যক্তির ছুরিকাঘাতে দুই নারী নিহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Oct 2017, 08:12 PM

Updated : 12 Apr 2022, 12:26 AM

পরে পুলিশ সেন্ট চার্লস রেলস্টেশনে হামলাকারীকে গুলি করে হত্যা করে বলে জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পুলিশ রোববারের এ ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলেই ধারণা করছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, দুই নারীর মধ্যে একজনকে গলা কেটে এবং অন্যজনকে পরপর কয়েকবার পেটে ছুরি মেরে হত্যা করে ওই হামলাকারী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা স্থানীয় একটি পত্রিকাকে বলেন, হামলাকারী ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে ছুরি হাতে লোকজনের উপর ঝাঁপিয়ে পড়ে।

এ বিষয়ে বিস্তারিত আর কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরা কুলু বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

ফ্রান্স ন্যাশনাল পুলিশের পক্ষ থেকে টুইটারে বলা হয়, “পুলিশ ঘটনাস্থলের নিয়ন্ত্রণে নিয়েছে। হামলাকারীকে নিরস্ত্র করা হয়েছে, তাকে গুলি করা হয়েছে।”

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে, ওই স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ জনগণকে ওই এলাকা এড়িয় চলার পরামর্শ দিয়েছে।

হামলার প্রত্যক্ষদর্শী এক নারী রয়টার্সকে বলেন, “এক ব্যক্তি তার আস্তিন থেকে একটি ছুরি বের করে এবং অল্প বয়সী এক মেয়েকে ছুরিকাঘাত করে। তারপর সে আরও এক নারীকে ছুরিকাঘাত শুরু করে। সে খুব সম্ভবত ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছিল।”

ওই এলাকায় টহলরত পুলিশ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় বলে জানান তিনি।

২০১৫ সালের নভেম্বরে রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকেই ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

তারপর থেকে দেশটিতে একের পর এক সন্ত্রাসী হামলা চলছে।

এই সময়ে যুক্তরাজ্য, বেলজিয়াম ও জার্মানিতেও বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় বহু মানুষ নিহত হয়।